বিতর্কিত দ্বীপে পুতিন, ক্ষুব্ধ জাপান

বিতর্কিত দ্বীপে পুতিন, ক্ষুব্ধ জাপান

ফন্ট সাইজ:

প্রথমবারের মতো বৃহস্পতিবার বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এনিয়ে বেজায় ক্ষেপেছে জাপান। ইতিমধ্যে পুতিনের এই সফরের তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। খবর বিবিসির।

এনিয়ে তাকাইচি সাংবাদিকদের বলেছেন, পুতিনের সফর রাশিয়ার প্রতি জাপানিদের মনোভাবকে আরও খারাপ করেছে।
কুরিল দ্বীপপুঞ্জ ঘিরে দশকের পর দশক ধরে রাশিয়া ও জাপানের দ্বন্দ্ব চলছে। এর কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও দেশ দুইটি শান্তি চুক্তিতে সই করেনি।
মস্কোয় ইতুরুপ এবং জাপানে এতোরোফু নামে পরিচিত এই দ্বীপটি জাপানের প্রধান দ্বীপগুলোর কাছাকাছি কুরিল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপের একটি।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দ্বীপটি সফরকালে পুতিন মাছের ডিম চেখে দেখেছেন এবং দ্বীপের স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন।

পরবর্তীতে তাকাইচি তার কার্যালয় থেকে সাংবাদিকদের বলেন, পুতিনের এই সফর জাপানিজদের অনুভূতিতে আঘাত হেনেছে এবং এটি উত্তরাঞ্চলীয় ভূখণ্ড বিষয়ে জাপানের ধারাবাহিক অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও বলেন, আমি আশা করি রাশিয়ার পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে নেয়া হবে।
এর আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি বলেন, দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুসারেও জাপানের অবিচ্ছেদ্য ভূখণ্ড, এবং জাপান সরকার এই সফরের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।