রাজধানীতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড অ্যাকসেসরিজ শো ২০২৬' এবং 'বাংলাদেশ টেক্সকেম এক্সপো ২০২৬'। বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে এই আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়।
এ আয়োজনের মাধ্যমে দেশের তৈরি পোশাক খাত-সংশ্লিষ্টরা বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে সুতা, ফেব্রিক, অ্যাকসেসরিজ ও টেক্সটাইল কেমিক্যাল সরাসরি সংগ্রহের সুযোগ পাবেন। প্রদর্শনীর এই সংস্করণে ১৫০টিরও বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক খাতের জন্য তাদের সর্বশেষ পণ্যের সংগ্রহ তুলে ধরছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক কাজী মিজানুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সহ-সভাপতি মাসুদ আলী খান এবং বাংলাদেশ মার্চেন্ডাইজার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বিএমএসএ) সভাপতি মেহেদী হাসান ভূঁইয়া।
আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মূল লক্ষ্য তৈরি পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক, বায়িং হাউজ ও ফেব্রিক প্রসেসরদের নিজ দেশেই বিদেশি সরবরাহকারীদের সাথে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করা।
আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, পোশাক খাতের প্রবৃদ্ধি ও মানোন্নয়নে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ফেব্রিক সোর্সিং অত্যন্ত জরুরি। দেশীয় রপ্তানিকারকদের হাতের নাগালে আন্তর্জাতিক সরবরাহকারীদের পৌঁছে দেওয়াই আমাদের প্রদর্শনীর মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায়, ভারতের কেমেক্সসিলের একটি বিশেষ প্যাভিলিয়নসহ 'বাংলাদেশ টেক্সকেম' শো-এর সাথে যৌথভাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুতা, ফেব্রিক্স অ্যান্ড অ্যাকসেসরিজ শো-এর ১৩তম সংস্করণ এই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে।
প্রদর্শনীতে ওভেন ও নিট পোশাকের রকমারি সুতা, ব্লেন্ডেড সুতা এবং বস্ত্র তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে উল ও স্যুট, প্রিন্টেড এবং স্পোর্টস ও হোম ফ্যাব্রিক। পাশাপাশি পোশাকের নানাবিধ অ্যাকসেসরিজ এবং এমব্রয়ডারি ও হট স্ট্যাম্পিংয়ের মতো আধুনিক প্রসেসিং প্রযুক্তিও প্রদর্শিত হবে।
এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড ২০০২ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করে আসছে। বৈশ্বিক প্রযুক্তি ও সরবরাহকারীদের স্থানীয় উৎপাদকদের দোরগোড়ায় পৌঁছে দেয়াই তাদের মূল লক্ষ্য। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরে দেশে বিদেশি ব্যবসার নতুন দুয়ার উন্মোচনে তারা কাজ করছে। প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
