রোনাল্ড কোম্যানের বিদায়ের পর নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন বার্সেলোনার সাবেক কোচ ও স্পেনের বিশ্বকাপজয়ী তারকা জাভি হার্নান্দেজ। ৪৬ বছর বয়সী এই কোচের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে ডাচ ফুটবল ফেডারেশন কেএনভিবি।
চলতি বছরের বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে শেষ বত্রিশ থেকে বিদায় নেয়ার পর দায়িত্ব ছাড়েন কোম্যান। এরপর নতুন কোচের সন্ধানে নামে কেএনভিবি। লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গেও আলোচনা করেছিল কারা। তবে ক্লাব ফুটবলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন স্লট। শেষ পর্যন্ত জাভিকেই বেছে নেয় ডাচরা।
২০২৪ সালে বার্সেলোনা ছাড়ার পর প্রায় দুই বছর কোচিংয়ের বাইরে ছিলেন জাভি। এবার জাতীয় দলের দায়িত্ব নিয়ে ফিরছেন ডাগআউটে। আগামী ২৪শে সেপ্টেম্বর আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় উয়েফা নেশনস লীগে জার্মানির বিপক্ষে হবে তার প্রথম ম্যাচ। সেদিন জার্মানির ডাগআউটে থাকবেন ইয়ুর্গেন ক্লপ। নেদারল্যান্ডসের কোচ হিসেবে জাভির নিয়োগে তৈরি হয়েছে নতুন ইতিহাসও। ১৯৭৭-৭৮ মৌসুমে অস্ট্রিয়ার আর্নস্ট হ্যাপেলের পর গত ৪৮ বছরে এই প্রথম কোনো বিদেশি কোচকে জাতীয় দলের দায়িত্ব দিল ডাচরা। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জাভি বলেন, ‘নেদারল্যান্ডসের জাতীয় দলের কোচ হওয়া আমার জন্য দারুণ সম্মানের। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠার সময় ইয়োহান ক্রুইফ ও রিনাস মিশেলসের দর্শনের গভীর প্রভাব পেয়েছি। তাই ডাচ ফুটবলের সঙ্গে আমার একটা বিশেষ যোগসূত্র আছে।
এক অর্থে বলা যায়, আমি ডাচ ফুটবলেরই একজন সন্তান।’ কেএনভিবির ম্যানেজিং ডিরেক্টর মারিয়ান ফন লেউয়েন বলেন, ‘খেলোয়াড় ও কোচ-দুই ভূমিকাতেই সর্বোচ্চ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে দলে যোগ দিচ্ছেন জাভি, যা তাদের লক্ষ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’ ২০২১ সালে বার্সেলোনার কোচ কোম্যান বরখাস্ত হওয়ার পর দায়িত্ব নেন জাভি। পরের মৌসুমেই জেতান লা লিগা শিরোপা। তবে ২০২৩-২৪ মৌসুমে শিরোপাহীন থাকায় তাকে সরিয়ে আনা হয় হান্সি ফ্লিককে। এর আগে কাতারের আল সাদে খেলোয়াড়-কোচ হিসেবে সাতটি ট্রফি জেতেন তিনি। খেলোয়াড়ি জীবনে বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপার পাশাপাশি স্পেনের হয়ে জেতেন ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরো।
