দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামল বাংলাদেশ। ২০০৩ সালের পর দেশটিতে আর কোনো টেস্ট খেলেনি টাইগাররা।
বৃহস্পতিবার ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
টস হারলেও হতাশ নন শান্ত। তিনি জানান, উইকেটে থাকা প্রাথমিক আর্দ্রতা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলার পরিকল্পনা রয়েছে তাদের। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ—তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেনের সঙ্গে আছেন স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী সাদমান ইসলাম, মিডল অর্ডারে দায়িত্বে মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস।
প্রায় আট মাস পর টেস্টে ফিরছে অস্ট্রেলিয়া, নেতৃত্বে প্যাট কামিন্স। চোট কাটিয়ে দলে ফিরেছেন জশ হ্যাজলউড। বাদ পড়েছেন গত অ্যাশেজে ৩১ উইকেট নেয়া স্কট বোল্যান্ড। এক বছরেরও বেশি সময় পর একসঙ্গে খেলছেন কামিন্স, স্টার্ক ও হ্যাজলউড—অস্ট্রেলিয়ার পেস আক্রমণের মূল ভরসা। অস্ত্রোপচার-পরবর্তী চোট কাটিয়ে ফিরেছেন স্পিনার নাথান লায়নও। অলরাউন্ডার হিসেবে দলে আছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার; ব্যাটিংয়ে মূল ভরসা ট্রাভিস হেড, মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথ।
সিরিজে ব্যক্তিগত মাইলফলকের হাতছানি রয়েছে বেশ কয়েকজনের সামনে। মুশফিকুর রহিমের অপেক্ষা ৭ হাজার টেস্ট রানের। স্টিভ স্মিথের সামনে সুযোগ বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির—বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিপক্ষদের মধ্যে একমাত্র বাংলাদেশের বিপক্ষেই যা এখনো অধরা তার। জশ হ্যাজলউডের প্রয়োজন আর ৫ উইকেট, পৌঁছাতে ৩০০ উইকেটের মাইলফলকে (বর্তমানে ২৯৫)। মিচেল স্টার্কও রেকর্ডের দ্বারপ্রান্তে—১০৫ টেস্টে ৪৩১ উইকেট নেওয়া এই পেসারের ৯টি উইকেট পেলে ছাড়িয়ে যাবেন কপিল দেবের ৪৩৪, আর ১০ উইকেট পেলে পেছনে ফেলবেন ডেল স্টেইনের ৪৩৯ উইকেটকে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, লিটন দাস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, জেইক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
১৩ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬, ৬ঃ৪১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
