গাজীপুরে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে অনিয়মের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানগুলোকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অনভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ানকে এক মাস এবং ভুয়া চিকিৎসককে পাঁচ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সিলগালা করা হয়েছে একটি ডায়াগনস্টিক সেন্টার।
বুধবার জেলা শহরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারে অনভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করায় শাকিল নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় আরও ৬০ হাজার টাকা।
অন্যদিকে, মডেল ডায়াগনস্টিক সেন্টারে আসাদ নামে এক ব্যক্তিকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করা হয়। তাকে পাঁচ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়মের কারণে সেটিও সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদ।
