ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা আরও বাড়লো। সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের ৬ ম্যাচের সাদা বলের সিরিজ (৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি) আয়োজনের কথা ছিল। বিসিবি ১-১৩ই সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের সময়ও নির্ধারণ করে রেখেছিল। কিন্তু কাছাকাছি সময়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত, যেটি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এসিবি জানিয়েছে, ১৩, ১৫ ও ১৭ই সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। অর্থাৎ বাংলাদেশের প্রস্তাবিত সিরিজের শেষ দিনেই দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ভারতের মাঠে নামার কথা।
একইদিনে খেলা থাকলেই যে সিরিজ বাতিল হয়ে গেছে, সেটি এখনই বলার সুযোগ নেই। বাংলাদেশ সফরের সূচি পরিবর্তিত হতে পারে, ভারত দুই সিরিজের জন্য দু’টি ভিন্ন দলও তো দিতে পারে! শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সিরিজ হচ্ছে না এমন কোনো ঘোষণা দেয়নি। তাই সিরিজটি হবে কি হবে না, আর হলেও
কবে কখন হবেÑ তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। যদিও বিসিবি’র কয়েকটি সূত্রে জানা গেছে, সিরিজটি এখন না হলেও পরে হতে পারে। আর শেষ পর্যন্ত না হলে বিকল্পও ভেবে রেখেছে বিসিবি।
এ বিষয়ে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানি দৈনিক মানবজমিনকে বলেন, ‘এখনো তো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি সিরিজটি হচ্ছে না। তবে এটাও সত্যি যে, আমাদের বিকল্প ভাবনাও আছে। যদি আগস্ট-সেপ্টেম্বরে ভারত না আসে, এই ফাঁকা সময়ে আমরা হয়তো বিকল্প কোনো সিরিজ আয়োজন করতে পারি। সেটি দেশে বা বিদেশের মাটিতেই হতে পারে।’ অন্যদিকে, আফগানিস্তান-ভারত সিরিজের সূচি ঘোষণা হলেও বিসিবি এখনো ভারতের বিপক্ষে সিরিজটি আয়োজনের জন্য আশা ছাড়েনি। মিডিয়া কমিটির চেয়ারম্যান গতকাল জানিয়েছেন, তারা এই সিরিজ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়ার আগে আরও একটু সময় নিতে চান।
আসিফ রাব্বানি বলেন, ‘আমরা যদি এটা যেকোনো স্টেজে, যখন ঘোষণা দেয়ার মতো একটা স্টেজে যাবো, তখন ইনশাআল্লাহ্ জানাবো। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন কী অবস্থায় আছে, এটা আমার মনে হয় আরও দু’-চারদিন গেলে বা আরও কিছুদিন গেলে আমরা এটার একটা কনক্রিট আপডেট দিতে পারবো। সেটাই ভালো হবে, এখন কমেন্ট না করি।’
