মনির খানের মাইলফলক

মনির খানের মাইলফলক

ফন্ট সাইজ:

আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালের ৮ই জুন যাত্রা শুরু করে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। একই বছরের ১৪ই জুন ‘মনির খান’ শিরোনামের সেই চ্যানেলটিতে প্রথম ভিডিও প্রকাশ করা হয়। এরপর মনির খানের ক্যারিয়ারের জনপ্রিয় পুরনো গানগুলোর পাশাপাশি নিয়মিত প্রকাশিত হয়েছে নতুন অডিও ও ভিডিও গান। দেখতে দেখতে কেটে গেছে ১০টি বছর। আর এই পথচলার মাইলফলক ছুঁয়ে দারুণ এক অর্জনও ঘরে তুলেছেন ‘অঞ্জনা’খ্যাত এই গায়ক। ইউটিউবে ৩ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। বাংলাদেশের কণ্ঠশিল্পীদের মধ্যে এককভাবে তার ইউটিউব চ্যানেলেই প্রথম এই মাইলফলক অর্জিত হয়েছে বলে জানানো হয়েছে।

১১ই আগস্ট বিকাল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অর্জন উদ্যাপন করা হয়। ‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড। মনির খান বলেন, প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে যারা আমার গান ভালোবাসছেন, সেই অগণিত শ্রোতা ও ভক্তদের অবদান ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে আয়োজনে আরও উপস্থিত ছিলেনÑ বরেণ্য কণ্ঠশিল্পী খুরশিদ আলম, মিলন মাহমুদ, সংগীত পরিচালক শেখ সাদী খান, গীতিকবি রফিকুজ্জামানসহ সংগীতাঙ্গনের বিশিষ্টজনরা।