ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানকে ঘিরে কয়েকদিন ধরেই চলছিল রহস্য। সামাজিক মাধ্যমে ‘শিকারি’ নামে একটি পোস্টার প্রকাশ করে নতুন কাজের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার প্রকাশ পেলো সেই ‘শিকারি’র নতুন পোস্টার। আর তাতেই পরিষ্কার হলো রহস্য। ভিন্ন লুকে আবারো চমক দিতে আসছেন এই অভিনেতা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নির্মিত হচ্ছে তার নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’। ভিডিওটির পরিচালক এমডি বদরুদ্দোজা সাগর, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন- সজীব ও রিমি। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই আসছে ‘শিকারি’। আর এর সঙ্গে থাকছে আরও চমক। নতুন প্রকাশিত পোস্টারে দেখা গেছে, রাজকীয় একটি চেয়ারে বসে আছেন জায়েদ খান। তাকে ঘিরে রয়েছেন তিন নারী। পেছনে নিউ ইয়র্ক শহরের রাতের দৃশ্য।
এর সঙ্গে রয়েছে ‘কামিং সুন’ লেখা। যদিও গানটির গল্প, মুক্তির তারিখ কিংবা জায়েদ খানের চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনো জানানো হয়নি। এদিকে, প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে স্টেজ পারফরম্যান্সেও দেখা গেছে
তাকে।
