ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন জানিয়েছেন, টিকাদান কর্মসূচিতে সারাদেশে প্রথমস্থান অর্জন করেছে ডিএনসিসি।তিনি বলেন, এ সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা হবে। আজ বুধবার ডিএনসিসির নগরভবনের মিলনায়তনে আয়োজিত ইউনিসেফ-এর রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনকালে প্রশাসক এসব বলেন ।
প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী তিনি দেশের উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন । আমরা তার কর্মী হিসেবে দেশ গঠনে সহযোগিতা করছি এবং এই সহযোগিতা অব্যাহত রাখবো । হামের টিকার মাধ্যমে শিশুদের যেভাবে রক্ষা করা হয়েছে, তেমনি জরায়ু ক্যান্সারের প্রতিশোধক টিকা প্রদানের মাধ্যমে নারী সমাজকে রক্ষা করা হবে ।
ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সবসময় নগরবাসীর পাশে রয়েছে।
মিল্টন বলেন, শহরের কোথাও বর্জ্য জমা হয়ে থাকলে নগরবাসী তা জানালেই ডিএনসিসির কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টার মধ্যে তা অপসারণের ব্যবস্থা নেবে। নাগরিকদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে অনেক এলাকার বর্জ্য পরিষ্কার করা হয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন ।
