মহাখালীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা- ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলছে, অন্যদের আটকের চেষ্টা করলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বনানী থানাধীন মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- সরকারি বাংলা কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।

বনানী থানা পুলিশ সূত্র জানায়, বেলা দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ৩০ থেকে ৪০ জন জড়ো হন। তারা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন স্থানীয় জনতা একজনকে গণপিটুনি দেন। তাকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আরও তিনজনকে আটক করে বনানী থানার পুলিশ। বাকিদের আটকের চেষ্টা করলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করার জন্য জড়ো হচ্ছিলেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলো। তাদের মধ্যে মোট চারজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। স্থানীয় জনতার গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন