হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম ও পাঁচটি মোবাইল ফোন আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট। আটককৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে ।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আলা আমিন শেখের পাঠানো এক তথ্যে এসব তথ্য জানানো হয়।
সিআইআইডি জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে০৫৮২ ফ্লাইটের যাত্রী মেহেদী হাসানের ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টন সিগারেট ও ৪০ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়। একই ফ্লাইটের আরেক যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ব্যাগেজ তল্লাশি করে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টন সিগারেট ও ৩ কেজি গৌরি ক্রিম পাওয়া যায়।
অন্যদিকে, দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিম ও চারটি স্মার্টফোন আটক করা হয়।
সাম্প্রতিক সময়ে বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান প্রতিরোধে সিআইআইডির ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব পণ্য আটক করা হয়েছে।
গোপন তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ফ্লাইট ও যাত্রী শনাক্ত করে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
