শাবনূর বললেন,  কোনো অসৎ উদ্দেশ্য বা প্ররোচনায় রিজভী মিথ্যা ছড়াচ্ছে

সালমান শাহ হত্যাকাণ্ড

শাবনূর বললেন, কোনো অসৎ উদ্দেশ্য বা প্ররোচনায় রিজভী মিথ্যা ছড়াচ্ছে

ফন্ট সাইজ:

নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়েছে। এই নায়কের মৃত্যু ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন বক্তব্য ও আলোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা শাবনূর।
যুক্তরাজ্যপ্রবাসী রিজভী আহমেদ নামের এক ব্যক্তির ‘ব্ল্যাকমেল’, প্রেম ও বিয়েসংক্রান্ত দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন এই নায়িকা। এ নিয়ে সংবাদমাধ্যম প্রথম আলোকে তিনি তার ভাষ্য জানিয়েছেন।

শাবনূরের কথায়, সালমান শাহ তার প্রিয় সহশিল্পী। বড় ভাইয়ের মতো ছিলেন। সালমান শাহর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। রিজভীর সঙ্গে কখনো সরাসরি দেখা না হলেও তিনি কেন এসব দাবি করছেন, সেটিই বুঝতে পারছেন না এই নায়িকা।

শাবনূর বলেন, ‘১৯৯৯ সাল থেকে যুক্তরাজ্যে বসবাসকারী ওই লোককে আমি কখনো সামনাসামনি দেখিইনি। ২০১৬-২০১৮ সালের মধ্যে আমি যুক্তরাজ্যেও যাইনি। অথচ সে দাবি করছে, ওই সময় নাকি আমাদের বিয়ে ও বিচ্ছেদ হয়েছে! তার এসব কথা শুনে মনে হচ্ছে, আমার সঙ্গে তার বাস্তবে কোনো বিয়ে হয়নি, হয়তো শুধু “স্বপ্নের বাসর” হয়েছিল।

এদিকে সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রিজভী আহমেদ দাবি করেন, শাবনূর নাকি সালমান শাহকে ব্ল্যাকমেইল করতেন। এক সাক্ষাৎকারে বলেন, শাবনূরকে মনে মনে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। আরেক সাক্ষাৎকারে তার দাবি, ২০১৬ সালে নাকি তাদের বিয়েই হয়েছিল।

এই বক্তব্যর উদ্দেশ্য নিয়ে প্রশ্নও তুলেছেন শাবনূর। ‘একই ব্যক্তি বিভিন্ন সময়ে সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। কখনো বলছে সে রাজসাক্ষী, কখনো বলছে সালমান আত্মহত্যা করেছে। আবার কখনো বানিয়ে বানিয়ে আমার সঙ্গে সম্পর্কের কথা বলছে। কোনো অসৎ উদ্দেশ্যে বা কারও প্ররোচনায় পড়ে সে এসব মিথ্যা কথা ছড়াচ্ছে’- বলে জানান শাবনূর।

সালমান শাহর মৃত্যুর ঘটনায় ১৯৯৭ সালে রাজসাক্ষী হয়েছিলেন রিজভী আহমেদ নামের এই ব্যক্তি। তবে সম্প্রতি তিনি দাবি করেছেন, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। এ জন্য সালমান শাহর মা নীলা চৌধুরী ও শাবনূরকে দায়ী করেন তিনি।  

এ প্রেক্ষিতে শাবনূর বলেন, ‘সালমান শাহ আমার প্রিয় সহশিল্পী ছিলেন। বড় ভাইয়ের মতো ছিলেন। এত বছর পর একজন মানুষ একেক সময় একেক কথা বলে আমাকে জড়িয়ে মিথ্যা গল্প ছড়াবে- এটা মেনে নেয়া যায় না। সালমান শাহর মৃত্যুর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি উড়িয়ে দেন শাবনূর।

এদিকে এসব নিয়ে ফেসবুকে পোস্টও করেছেন শাবনূর। অনেকেই মন্তব্য করেছেন সেখানে। পোস্টে শাকিল আহমেদ নামের একজন লিখেছেন, ‘ধন্যবাদ প্রিয় অভিনেত্রী, সত্যটা উপস্থাপন করার জন্য। সঠিক তদন্তের মাধ্যমে সালমান শাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।’ শেখ শামীমের মন্তব্য, ‘বিনা পাসপোর্টে বিমান ভাড়া করে যুক্তরাজ্যে যাওয়া কিংবা অবাস্তব সব বিয়ের গল্প ফেঁদে বসা শুনেই বোঝা যায়, এসব নিছক বানোয়াট গালগল্প। এমন অপপ্রচারে বিচলিত হবেন না।’

ওদিকে শাবনূরের এই বক্তব্যের দিনই সালমান শাহ হত্যা মামলার আসামি, খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন গ্রেপ্তার হয়েছেন। রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এখন তিনি কারাগারে রয়েছেন।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত হত্যা মামলা করার নির্দেশ দেন। তার মা নীলা চৌধুরীর পক্ষে মামলাটি করেন তার ভাই আলমগীর কুমকুম। রাজধানীর রমনা থানায় এই মামলাটি করা হয়। এতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হক, রিজভী আহমেদ ওরফে ফরহাদসহ ১১ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডি। প্রতিবেদন দাখিলের জন্য ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

শাবনূর বলেন, ‘আমি চাই, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য খোলাসা করা হোক। প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান এই অভিনেত্রী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন