পুলিশ ভেবেছিলো খুন করা হয়েছে, তদন্তে জানা গেলো সেক্স ডল

পুলিশ ভেবেছিলো খুন করা হয়েছে, তদন্তে জানা গেলো সেক্স ডল

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার একটি গ্রামাঞ্চলে রাস্তার পাশে ফেলে রাখা স্যুটকেস থেকে উদ্ধার করা হয় মানবদেহ সাদৃশ্য বস্তু। প্রথমে দেশটির পুলিশ বিষয়টিকে হত্যাকাণ্ডের শিকার মরদেহ ভেবে তদন্ত শুরু করে। তবে নিখুঁত ফরেনসিক পরীক্ষার পর পুলিশ বুঝতে পারে ওটি কোনো মানবদেহের অবশিষ্টাংশ নয়, বরং হুবহু মানুষের মতো দেখতে একটি সেক্স ডল। এ খবর দিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। সিডনি থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওলেন শহরের কাছে গত রোববার ড্রাইভ করার সময় দুই পথচারী রাস্তার পাশে একটি পরিত্যক্ত স্যুটকেস দেখতে পেয়ে তা খোলেন।

ভেতরে মৃতদেহের মতো কিছু দেখে তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আলামত নষ্ট না করার উদ্দেশ্যে স্যুটকেসটি না ঘেঁটে সরাসরি ফরেনসিক ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরদিন পরীক্ষার পর ফরেনসিক বিশেষজ্ঞরা জানান, এটি কোনো মানুষের মরদেহ নয়। পুতুলটি কাপড় পরা অবস্থায় ছিল এবং তার মাথায় চুল ও নাকে অলঙ্কার পরিহিত দেখা যায়। এমনকি এতে ক্ষত ও আঘাতের দাগের মতো চিহ্নও ছিল। নিখুঁত গড়নের কারণে এটি আসল মরদেহের মতো বিভ্রান্তি তৈরি করেছিল বলে পুলিশ সুপার লিন্ডা ব্র্যাডবেরি জানান। কোনো হত্যাকাণ্ড ঘটেনি নিশ্চিত হওয়ার পর পুলিশ তদন্তের সমাপ্তি ঘোষণা করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন