ভাসমান পেয়ারা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ভাসমান পেয়ারা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ফন্ট সাইজ:

বরিশালের ঐতিহ্যবাহী পেয়ারা বাগান দেখতে ঢাকা থেকে ছুটে এলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। পুরো যাত্রাপথেই তিনি ছড়ালেন বিস্ময়, দক্ষিণের মানুষকে নিলেন আপন করে। লঞ্চযাত্রায় তৃতীয় শ্রেণির ডেকে আড্ডা জমিয়ে তুললেন যাত্রীদের সঙ্গে, আবার রাস্তায় দাঁড়িয়ে খেলেন চা। নদীবেষ্টিত বদ্বীপের বুক চিরে চলা জলপথের রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতেই তার এ সফর বলে জানালেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

গতকাল সকালে নদীপথে লঞ্চে চড়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন মার্কিন রাষ্ট্রদূত। যাত্রাপথে বিলাসবহুল লঞ্চের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি তিনি মেতে ওঠেন সাধারণ যাত্রীদের সঙ্গে গল্পে-আড্ডায়। এমনকি সাধারণ যাত্রীদের সঙ্গে সেলফি তুলে ফ্রেমবন্দি করেন আনন্দের মুহূর্তগুলো। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, লঞ্চের খাবার কক্ষে বসে দেশীয় খাবার খাচ্ছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। টেবিলে সাজানো ছিল সাধারণ ভাত, মাছ, সবজি ও এদেশীয় নানা পদের খাবার। তার সঙ্গে থাকা অন্য বিদেশি অতিথিরাও এই দেশীয় খাবারে অংশ নেন। অন্য একটি ছবিতে দেখা যায়, লঞ্চের ছোট্ট একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছেন। সেখানে উপস্থিত দোকানের সাধারণ কর্মী ও সহযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় ও কথা বলেন। এ ছাড়া লঞ্চের মেঝেতে বিছানা পেতে বসা সাধারণ যাত্রীদের পাশেই বসে হাসিমুখে ছবি তোলার দৃশ্যটি নজর কেড়েছে অনেকের।

বরিশালে পৌঁছানোর পর ব্যস্ত কর্মসূচির অংশ হিসেবে নদীবন্দর থেকে সরাসরি দেশের সবচেয়ে বড় ও শতবর্ষী ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাটের দিকে রওনা হন রাষ্ট্রদূত। বরিশাল বিভাগের ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে কীর্তিপাশা খাল ও স্বরূপকাঠি-কুড়িয়ানা এলাকার বিখ্যাত ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করেন। সেখানকার খালের দুই তীরে পেয়ারার বাগান এবং নৌকায় নৌকায় পেয়ারা বিক্রির ঐতিহ্য তাকে বিমোহিত করে। এ ছাড়া ভ্রমণসূচিতে যুক্ত ছিল অষ্টাদশ শতাব্দীর অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন বরিশালের ঐতিহাসিক কড়াপুর মিয়া বাড়ি মসজিদ। প্রাচীন এই নিদর্শনের নান্দনিক নির্মাণশৈলী ও প্রত্নতাত্ত্বিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন মন্তব্য করেন অষ্টাদশ শতাব্দীর স্থাপত্যশৈলীর সমৃদ্ধ এক নিদর্শন কড়াপুর মিয়া বাড়ি মসজিদ। দূতাবাসের ফেসবুকে পেজে এক পোস্টে বলা হয়েছে, ভীমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন