চট্টগ্রামের বাঁশখালীর সাগরপাড়ে মানুষের ঢল। চারদিকে শুধু মানুষের ভিড় আর স্লোগান। এর মধ্যেই হঠাৎ সবার নজর কাড়ে ব্যতিক্রমী এক দৃশ্য। জনতার মাথার উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ফুল ও রঙিন কাপড়ে সাজানো একটি পালকি। আর সেই পালকিতে বসে আছে ছোট্ট এক শিশু। চোখে কালো রোদচশমা, পরনে লাল পাড়ের সাদা শাড়ি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে রোববার বাঁশখালীর সমুদ্রপাড়ে আয়োজিত জনসভায় এমন দৃশ্য দেখা যায়। বিশাল জনসমাগমের মধ্যে শিশুটিকে পালকিতে বসে থাকতে দেখে অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।
জানা গেছে, শিশুটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভক্ত। বাবা-মায়ের সঙ্গে জনসভায় যোগ দিতে এসেছিল সে। কিন্তু মানুষের অতিরিক্ত ভিড়ে একসময় শিশুটিকে নিয়ে হাঁটা-চলা কঠিন হয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকজন তাকে নিরাপদে রাখার জন্য একটি সাজানো পালকিতে বসিয়ে দেন। পালকিতে বসা শিশুটির সাজও ছিল আলাদা। চোখে রোদচশমা, পরনে শাড়ি-সব মিলিয়ে তাকে দেখে অনেকের মুখেই ফুটে ওঠে হাসি। জনতার ভিড়ে কেউ তাকে দেখে হাত নাড়েন, কেউ আবার দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন।
সমুদ্রের ঢেউয়ের গর্জন, মাইকে স্লোগান আর মানুষের কোলাহলের মধ্যেও শিশুটিকে ঘিরে তৈরি হয় আলাদা এক দৃশ্য। বড় রাজনৈতিক আয়োজনের ভিড়ে ছোট্ট এই শিশুর উপস্থিতি যেন মুহূর্তের জন্য ভিন্ন আবহ তৈরি করে। জনসভায় আসা এক স্থানীয় বাসিন্দা বলেন, এত মানুষের ভিড়ে শিশুটিকে পালকিতে বসে থাকতে দেখে অনেকেই আগ্রহ নিয়ে তাকিয়েছেন। তার সাজসজ্জা এবং সরল উপস্থিতি সবার নজর কেড়েছে। প্রধানমন্ত্রীকে ঘিরে বাঁশখালীর সাগরপাড়ে যখন ছিল মানুষের উপচে পড়া ভিড়, তখন সেই জনসমুদ্রের মাঝে পালকিতে বসা রোদচশমা পরা শিশুটিই হয়ে ওঠে আলোচনার অন্যতম আকর্ষণ।
