ফুলহ্যাম ছেড়ে ধারে বোরহ্যাম উডে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ফুলহ্যাম ছেড়ে ধারে বোরহ্যাম উডে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ফন্ট সাইজ:

ফুলহ্যামের সিনিয়র দলে খেলার সম্ভাবনার গুঞ্জন এড়িয়ে নতুন চ্যালেঞ্জের পথে পা বাড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ফুলহ্যাম থেকে এক বছরের জন্য ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উডে যোগ দিলেন এই ১৯ বছর বয়সী তরুণ। ২০২৬-২৭ মৌসুমের পুরো সময়টা হার্টফোর্ডশায়ারের এই ক্লাবেই কাটিয়ে নিজের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করবেন তিনি। বোরহ্যাম উডে ফারহান জার্সিতে পরবেন ২০ নম্বর জার্সি। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহান মাত্র ১২ বছর বয়সে ফুলহ্যামের একাডেমিতে যোগ দেন। গত মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করার পর অনূর্ধ্ব-২১ দলের হয়েও দারুণ নৈপুণ্য দেখান। প্রিমিয়ার লীগ-২ (পিএলটু)-তে ২১ ম্যাচে ৬ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেন তিনি। গত বছরের নভেম্বর মাসে অনূর্ধ্ব-২১ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে পিএলটু’র মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফারহান। বয়সভিত্তিক দলটির হয়ে সে সময়ে ২ ম্যাচে ৩ গোল করেন তিনি। একইসঙ্গে লীগের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড। চলতি প্রাক-মৌসুমে ফুলহ্যামের মূল দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচেও অংশ নেন ফারহান। নরউইচ সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মূল দলের হয়ে প্রথমবার খেলতে নামেন তিনি।

সেইসঙ্গে আল-আহলি ও ফারেসির বিপক্ষে মাঠে নেমে প্রিমিয়ার লীগের মূল দলে তার প্রতিযোগিতামূলক অভিষেকের সম্ভাবনা জোরালো করে তোলেন। তবে পেশাদার ফুটবলের মূল ধারায় নিয়মিত খেলার মাধ্যমে আরও পরিণত হতে এই ধারে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বোরহ্যাম উড গত মৌসুমে ন্যাশনাল লীগ প্লে-অফ ফাইনালে খেলে। দলের আক্রমণে গতি ও ধার বাড়াতে তরুণ ফারহানের ওপর আস্থা রেখেছেন কোচ লুক গ্যারার্ড। ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে গতকাল নতুন মৌসুমের যাত্রা শুরু করে বোরহ্যাম উড।

এদিকে, ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ফারহানকে নিয়ে আলোচনা তুঙ্গে। বাংলাদেশ জাতীয় দলে খেলার বিষয়ে ইতিবাচক সম্মতি জানিয়েছেন এই তরুণ উইঙ্গার। তাকে দ্রুত লাল-সবুজের জার্সিতে খেলানোর জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুলহ্যামের গণ্ডি পেরিয়ে বোরহ্যাম উডের পঞ্চম স্তরের এই অভিযাত্রায় ফারহানের পারফরম্যান্স এখন ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশের ফুটবলপ্রেমীদেরও নজর কাড়বে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন