ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারের লজ্জা সঙ্গী হয়েছে বাংলাদেশের। এই তেঁতো অভিজ্ঞতার সঙ্গে দলের অস্বস্তি আরও বাড়িয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের চোট। গত ৬ই আগস্ট ম্যাচের প্রথম দিনে ব্যাটিংয়ের সময় আঙ্গুলে আঘাত পান তাইজুল। এরপর পুরো ম্যাচ থেকেই ছিটকে যান তিনি। প্রশ্ন জেগেছে, আগামী ১৩ই আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন তো তাইজুল? শঙ্কার মধ্যেই গতকাল স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড জানিয়েছে, তাইজুল অনেকটাই সেরে ওঠার পথে এবং প্রথম টেস্টেই পাওয়া যাবে তাকে।
আঙ্গুুলে চোট পাওয়ার পর থেকেই তাইজুলকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।
গতকাল বিসিবি’র এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রথম দিনে চোট পাওয়ার পর তাইজুলের আঙ্গুলে যে ব্যথা ছিল ও ফুলে উঠেছিল- তা অনেকটাই কমেছে। প্রথম টেস্ট শুরু হতে এখনো পাঁচদিন বাকি। ওর চোট নিয়ে কাজ করার জন্য আমাদের হাতে আরও চারদিন আছে। আশা করছি, এই সময়ের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে প্রথম টেস্ট খেলতে পারবে।’ চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বায়েজিদুল আরও বলেন, ‘আমরা ওর আঙ্গুুল ব্যান্ডেজ করে রেখেছি। আজকেও সে বিশ্রামে থাকবে। আগামীকাল আবার পর্যবেক্ষণ করবো।’ ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। তাই তাইজুলের ফিটনেস নিয়ে উদ্বেগ কাটার খবরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে।
