জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন্ত্রী রিতা

জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন্ত্রী রিতা

ফন্ট সাইজ:

দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন ও হসপিটালিটি- এই চারটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। বলেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এই অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চায়। শনিবার বিকাল ৪টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট সেন্টারের (টিটিডিসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সরকার কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে এই চারটি খাতের সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আজকের এই প্ল্যাটফরমটি সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর প্ল্যাটফরম হিসেবে ভূমিকা রাখবে। তিনি বলেন, দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও বিকাশে বেসরকারি খাতের অংশীজনদের সমন্বিতভাবে এগিয়ে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সমর্থন দিতে সব সময় প্রস্তুত রয়েছে। তিনি উপস্থিত পর্যটন খাতের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট বেসরকারি অংশীজনদের দেশের পর্যটন উন্নয়নে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার পর্যটন খাতের উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, পর্যটন খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন