অস্কারজয়ী রাসেলের সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা

অস্কারজয়ী রাসেলের সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা

ফন্ট সাইজ:

বলিউড থেকে হলিউড সব জায়গায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার ঝুলিতে যুক্ত হলো আরও একটি মেগা প্রজেক্ট। অস্কারজয়ী হলিউড তারকা রাসেল ক্রো’র সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। নিমরোড আন্তাল পরিচালিত নতুন সাই-ফাই অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ব্লুফ্লাই’ এ একসঙ্গে পর্দায় হাজির হবেন তারা।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরের শেষের দিকেই অস্ট্রেলিয়ার চোখধাঁধানো গোল্ড কোস্টে সিনেমাটির মূল শুটিং শুরু হতে যাচ্ছে। কঙ্গোর দুর্গম অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘ব্লুফ্লাই’ এর মূল গল্প। এক শোকাতুর জাতিসংঘ অনুবাদককে কেন্দ্র করে এগিয়ে যায় সিনেমার কাহিনি। একটি রহস্যময় বিমান ভেঙে পড়ার পর তা উদ্ধারে একটি গোপন ‘ব্ল্যাক-অপস’ মিশনের সঙ্গে যুক্ত করা হয় সেই অনুবাদককে। যে বিমানটির দাপ্তরিক কোনো অস্তিত্বই থাকার কথা ছিল না। সশস্ত্র মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকা ও নদী পার হয়ে দলটি যখন সেই বিমানের কাছাকাছি পৌঁছাতে থাকে, তখনই প্রকাশ পেতে থাকে এক ভয়ংকর সত্য— এই মিশনটি স্রেফ বিমান উদ্ধারের জন্য ছিল না, এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গোপন উদ্দেশ্য। ‘প্রেডেটরস’ খ্যাত প্রখ্যাত পরিচালক নিমরোড আন্তালের হাতে থাকছে এর পরিচালনার দায়িত্ব। ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক এবং কার্লাইল ইউব্যাংক যৌথভাবে এর চিত্রনাট্য তৈরি করেছেন। আন্তর্জাতিক বাজারে সিনেমাটির স্বত্ব বিক্রি করবে নামী প্রতিষ্ঠান ‘হাইল্যান্ড ফিল্ম গ্রুপ’।

আরও পড়ুন:
শীর্ষে আলিয়া

পরিচালক নিমরোড আন্তাল বলেছেন, এটি দুর্দান্ত ও সাহসী এক সায়েন্স-ফিকশন থ্রিলার হতে যাচ্ছে। প্রিয়াঙ্কা ও রাসেল ক্রো-র মতো উঁচুমানের অভিনয়শিল্পীদের একসঙ্গে পাওয়া যেকোনো পরিচালকের জন্যই পরম আনন্দের। বর্তমানে একের পর এক বড় প্রজেক্টে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি প্রাইম ভিডিওর ‘দ্য ব্লাফ’ এবং ‘হেডস অব স্টেট’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন