ভারতের বেঙ্গালুরুর বাগালাগুন্টে এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ির ভেতর থেকে ৫২ বছর বয়সী এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ধারণা করা হচ্ছে, প্রায় এক বছর আগে ওই নারীর মৃত্যু হয়েছিল। এরপর দীর্ঘ সময় বাড়ির ভেতরেই পড়ে ছিল তার মরদেহ। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর নাম দক্ষায়িণী, বয়স ৫২ বছর। রাজ্যটির বাগালাগুন্টের হাভানুর লে-আউট এলাকায় ঘটেছে এই ঘটনা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দক্ষায়িণী একাই ওই বাড়িতে বসবাস করতেন। স্বামী ও ছেলের মৃত্যুর পর তিনি মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। প্রায় ১০ বছর আগে তার স্বামী উমেশ মারা যান। পরে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তাদের ছেলে।
পুলিশের ধারণা, প্রায় এক বছর আগে দক্ষায়িণীর মৃত্যু হতে পারে। এই সময়ের মধ্যে তার মেয়ে ও জামাই ওই বাড়িতে আসেননি বলেও জানা গেছে।
খবর পেয়ে বাগালাগুন্টে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পরিদর্শন করে। নারীর মৃত্যুর সঠিক কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত শুরু হয়েছে।
