বাংলাদেশ ফুটবল লীগে ক্লাব লাইসেন্সিং আবেদনের শেষ দিন ছিল গতকাল। ফিফা নিষেধাজ্ঞা থেকে মুক্তি না মেলায় শেষ দিনেও আবেদন করতে পারেনি বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। দেশের দুই শীর্ষ ক্লাবের সংকটময় পরিস্থিতিতে আরও ৪ দিন সময় বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দল দুটির আবেদনের প্রেক্ষিতে এই সময়সীমা বাড়িয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী ২১শে আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরু হওয়ার কথা। এরপর ২৩শে আগস্ট ফেডারেশন কাপ ও এক সপ্তাহ বিরতি দিয়ে লীগ শুরুর দিনক্ষণ চূড়ান্ত করে রেখেছে বাফুফে।
তাই বাফুফে এক বিবৃতিতে ক্লাবগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছে, ‘বাংলাদেশ ফুটবল লীগ ২০২৬-২৭ মৌসুমের ক্লাব লাইসেন্সের শর্তসমূহ পূরণের সময়সীমা ১১ই আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংশ্লিষ্ট সকল ক্লাবকে বর্ধিত সময়সীমার মধ্যে ক্লাব লাইসেন্সের জন্য প্রয়োজনীয় সকল প্রক্রিয়া ও শর্তসমূহ পূরণ করার জন্য অনুরোধ জানাচ্ছে।’ ঢাকা আবাহনীর মাত্র একটি ফিফা নিষেধাজ্ঞা রয়েছে। ক্লাবটির কর্মকর্তা সত্যজিত দাস রুপু এ বিষয়ে বলেন, ‘আমরা ইতোমধ্যে শেষ নিষেধাজ্ঞার প্রক্রিয়ায় অনেকটা এগিয়েছি। কাল-পরশু শনি-রবি থাকায় একটু বিলম্ব হতে পারে।
না হলে এর মধ্যেই নিষেধাজ্ঞা উঠে যেতো। আশা করছি ১১ই আগস্টের মধ্যেই আবাহনী নিষেধাজ্ঞা মুক্ত হবে।’ ঢাকা আবাহনী নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট বিদেশি ফুটবলারদের আইনজীবীর সঙ্গে চুক্তি করেছে। সেই মোতাবেক অর্থ প্রদানও করেছে। ফলে আবাহনীর নিষেধাজ্ঞ উঠে যাওয়া এখন অনেকটা সময়ের ব্যাপার। তবে বাংলাদেশ ফুটবল লীগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞার সংখ্যা ১২টি। তাদের কোনো কর্মকর্তা এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিচ্ছে না। ১১ই আগস্টের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ক্লাব লাইসেন্সিংয়ের মেয়াদ বাফুফে আর বাড়াবে না সেটা অনেকটাই নিশ্চিত। নিষেধাজ্ঞা ওঠার পর আবার খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া শেষ করা আরেকটি বড় চ্যালেঞ্জ আবাহনীর জন্য। ৩রা সেপ্টেম্বর পর্যন্ত দলবদল চললে আগস্টে ফেডারেশন কাপ, লীগের জন্য ১৩ই আগস্টের মধ্যে খেলোয়াড় নিবন্ধন করাতে হবে। ১১ই আগস্টের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দুই-তিন দিনের মধ্যে ত্রিশের অধিক ফুটবলার-কোচিং স্টাফের নিবন্ধন ফরম পূরণ করা সময়সাপেক্ষ। ক্লাব লাইসেন্সিংয়ের মতো খেলোয়াড় নিবন্ধনও আরও তিন-চার দিন বাড়ার সম্ভাবনা রয়েছে।
