কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে গত ২রা আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই আদেশের পর ৪ঠা আগস্ট সন্ধ্যায় তিনি কারামুক্ত হন। তবে হাইকোর্টের ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে আদালত হাফিজুর রহমানের জামিন আগামী ৯ই আগস্ট পর্যন্ত স্থগিত করেন এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। পাশাপাশি নির্দেশনা অমান্য করলে তাকে দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মামলার পটভূমি: ২০১৬ সালের ২০শে মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কলেজছাত্রী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের প্রাথমিক অবস্থা দেখে ধারণা করা হয়েছিল, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার পরদিন তনুর বাবা, ক্যান্টনমেন্ট বোর্ডের তৎকালীন অফিস সহায়ক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্তের পর চলতি বছরের ২২শে এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।
