সিলেট নগর বিএনপি’র সভাপতি পদে ফিরলেন নাসিম হোসাইন। এটিই তার মূল পদ। প্রায় দুই বছর ভারপ্রাপ্ত দিয়ে চালানো হয়েছিল নগর বিএনপি’র কার্যক্রম। এই সময়ে নাসিম হোসাইন সক্রিয় থাকলেও দলে তাকে ফেরানো হয়নি। গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আদেশে তাকে পদে ফেরানোর কথা জানানো হয়। আর এই আদেশের মাধ্যমে ‘ভারমুক্ত’ হলেন, রেজাউল হাসান কয়েস লোদী। তিনি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদে রয়েছেন। তবে নাসিম হোসাইনের ফেরা নিয়ে সিলেট বিএনপিতে তোলপাড় চলছে। নেতাকর্মীরা ধরেই নিয়েছিলেন আর ফিরছেন না নাসিম হোসাইন।
বিএনপি’র সিনিয়র নেতা নাসিম হোসাইন। দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে রয়েছেন। নগর বিএনপি’র নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এমনকি মেয়র পদে দলের মনোনয়ন পেতে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে দলীয় ফোরামে তীব্র লড়াই করেছেন। তবে আন্দোলনকালীন সময়ে তার ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। মাঠের আন্দোলনে তেমন ভূমিকা রাখতে পারেননি। দলের নেতাদের মতে, তীব্র আন্দোলনকালীন সময়েও তিনি বিদেশ সফরে ছিলেন। এ কারণে গুরুত্বপূর্ণ পদ নগর বিএনপি’র সভাপতি মাঠে না থাকার প্রভাব নেতাকর্মীদের ওপর পড়েছিল। তার ভূমিকা নিয়ে আলোচনা, সমালোচনাও কম হয়নি। তবে দলের তরফ থেকে বিকল্প হিসেবে তাৎক্ষণিক চিন্তা-ভাবনা করা হয়েছিল। কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে আন্দোলনকালীন সময়ে দলকে সামাল দেয়া হয়। গতকাল দলের সিনিয়র যগ্ম মহাসচিব স্বাক্ষরিত পত্রে জানানো হয়, ২০২৪ সালের ৪ঠা নভেম্বর সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছিল। সর্বশেষ নির্দেশনায় জানানো হয়েছে, নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাকে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। এদিকে এ সংক্রান্ত আদেশের অনুলিপি বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন ও মিফতাহ সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেন চৌধুরীর কাছে পাঠানো হয়েছে। নাসিম হোসাইনকে ফের সভাপতির দায়িত্বে ফেরার বিষয়টি নিজের ফেসবুকে পোস্ট করেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। গতকাল বিকালে তিনি মানবজমিনকে জানিয়েছেন, দলের এই আদেশ তার কাছে এসে পৌঁছেছে। পরে তিনি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তিনি বলেন, এখন থেকে নগর বিএনপি’র সভাপতি দায়িত্ব পালন করবেন নাসিম হোসাইন। এদিকে ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী তার স্বপদে দায়িত্ব পালন করবেন। তিনি দলের নগর সহ-সভাপতি ছিলেন। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত দলের কোনো আদেশ বা নির্দেশ অমান্য করেননি। দল থেকে যে সিদ্বান্ত দেয়া হয়েছে সেটি তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন। জানান, তিনি বর্তমানে সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান।
সরকারের দ্বিতীয় গ্রেডের একজন কর্মকর্তা। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নতুন সংস্থা। সেটিকে সাজাতে এবং কার্যকর করতে তিনি পুরোপুরি মনোনিবেশ করতে পারবেন। দলের নেতারা জানান, ২০২৩ সালের ১০ই মার্চ সিলেট মহানগর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের ভোটে নাসিম হোসাইন সভাপতি, মো. ইমদাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক ও সৈয়দ সাফেক মাহবুব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তাদের কমিটির মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে। এরপর নতুন করে সম্মেলন ও কাউন্সিলের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
