আসন্ন মৌসুমের ন্যূনতম ২৩ ফুটবলারকে নিবন্ধন করার শেষ সময় ১৩ই আগস্ট। ২১শে আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হওয়ার কথা। আর ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা ২৩শে আগস্ট।
মৌসুম শুরুর দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনো নিষেধাজ্ঞা থেকে মুক্তি মেলেনি চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী লিমিটেডের। বরং বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞা বেড়েছে। এতদিন খেলোয়াড় ও কোচদের দেনা-পাওনা ইস্যুতে ১১টি নিষেধাজ্ঞা ছিল কিংসের। বুধবার আরেকটি নিষেধাজ্ঞা যোগ হয়েছে। ফলে কিংসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়লো। এই নিষেধাজ্ঞা না কাটালে আসন্ন মৌসুমে দলবদল করতে পারবে না কিংস। ১লা জুন থেকে ২০২৫-২৬ মৌসুমের দলবদল শুরুর কথা ছিল। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ফিফা নিষেধাজ্ঞা থাকায় কয়েক দফা পিছিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে নেয়া হয়। ঢাকা আবাহনী তিন নিষেধাজ্ঞার মধ্যে দু’টি প্রত্যাহার করেছে আরেকটি প্রক্রিয়াধীন। কিংসের ১১ নিষেধাজ্ঞা বেড়ে এখন ১২-তে দাঁড়িয়েছে। ৩রা সেপ্টেম্বর পর্যন্ত ঘরোয়া ফুটবলের দলবদল। আগস্টের শেষ সপ্তাহে লীগ, ফেডারেশন কাপ শুরু হবে তাই ১৩ই আগস্টের মধ্যে ন্যূনতম ২৩ জন ফুটবলারকে নিবন্ধন করাতে হবে। এর আগে ৭ই আগস্টের মধ্যে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই দু’টি ডেডলাইনই বাফুফের অধীনে থাকায় দেশের দুই শীর্ষ ক্লাবের জন্য পুনরায় নড়চড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কিংসের বিরুদ্ধে ১২টি অভিযোগ থাকলেও আবাহনীর বিরুদ্ধে ছিল মাত্র তিনটি। এরইমধ্যে দু’টি অভিযোগের নিষ্পত্তি করেছে তারা।
কিন্তু আরেকটি অভিযোগের নিষ্পত্তির আগে ক্লাব লাইসেন্স পাওয়ার সময়ও শেষ। তবে ক্লাবটির ম্যানেজার সত্যজিৎ দাস রুপু আশাবাদী বাফুফে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য সময় বাড়াবে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের তিনটি ফিফা নিষেধাজ্ঞা ছিল। দুটো এরইমধ্যে প্রত্যাহার হয়েছে, আরেকটি প্রক্রিয়াধীন। ৭ই আগস্টের মধ্যে সম্পন্ন না হলে আমরা সময় চাইবো। আশা করি, ফেডারেশন বিষয়টি অবশ্যই বিবেচনা করবে।’ নিষেধাজ্ঞা বাড়লেও আশাবাদী কিংসের কর্মকর্তা বায়েজিদ জোবায়ের নিপু। তিনি বলেন, ‘আমারে ম্যানেজমেন্ট চেষ্টা করছে। আশা করছি দু’-একদিনের মধ্যে ভালো খবর দিতে পারবো। সেটা না পারলে আমরাও বাফুফের কাছে সময় চাইবো।’
