ফর্টিসের স্বপ্ন পূরণে বাকি তিনদিন

ফর্টিসের স্বপ্ন পূরণে বাকি তিনদিন

ফন্ট সাইজ:

বাংলাদেশ ফুটবল লীগের গত মৌসুমে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্সআপ আবাহনী লিমিটেড। নিয়মানুযায়ী, এই দু’টি দলের এএফসি চ্যালেঞ্জ লীগে খেলার কথা। কিন্তু ফিফার নিষেধাজ্ঞার কারণে এই দুই ক্লাব এএফসি ক্লাব লাইসেন্স করতে পারেনি। অংশ নিতে পারেনি মধ্যবর্তী দলবদলে। নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে দুই ক্লাবেরই। যে কারণে সুযোগটা পেয়ে যায় ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ এফসি। দুই দলই প্রথম অংশ নিচ্ছে আন্তর্জাতিক কোনো ফুটবল আসরে। এতে অবশ্য একটিু বেশি উচ্ছ্বসিত ফর্টিস এফসি’র কর্মকর্তারা। প্রথমবার এএফসিতে খেলতে যাচ্ছে দল, তা যেন স্বপ্নের মতো মনে হচ্ছে ফর্টিস এফসি’র সভাপতি শাহীন হাসানের কাছে। তিনি বলেন, ‘আমার কাছে স্বপ্নের মতো লাগতেছে। আমরা নতুন একটি ক্লাব, যে চার বছরের মধ্যে এসে এএফসিতে খেলতে যাচ্ছি। এটার কৃতিত্ব অবশ্যই ফুটবলারদের দিতে হবে। যদি তৃতীয় হতে না পারতাম, তাহলে এই সুযোগটা পেতাম না। এ জন্য এটা স্বপ্নের মতো। এখন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য লড়াই করার মতো একটা টিম বানানোর চেষ্টা করতেছি।’
এএফসি চ্যালেঞ্জ লীগটা অনেকটা উয়েফা কনফারেন্স লীগের মতো। ক্লাব প্রতিযোগিতায় তৃতীয় টায়ার। বাংলাদেশের কোনো ক্লাব সরাসরি প্রথম দু’টি সøটে খেলতে পারে না। কোচ মাসুদ পারভেজ কায়সারের অধীনে এক মাস ধরে ট্রেনিং করছে ফর্টিস। সর্বশেষ মৌসুমে খেলা ফুটবলারদের সঙ্গে যোগ হয়েছেন আরও বিদেশি ফুটবলার। এএফসি’র চ্যালেঞ্জ লীগে বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের কোনো বাধা নেই। অর্থাৎ, ইচ্ছা অনুযায়ী বিদেশি ফুটবলার খেলানো যাবে। ফর্টিস এফসি আট বিদেশি প্লেয়ার নিয়ে এবারের এএফসি চ্যালেঞ্জ লীগে খেলতে যাচ্ছে। জাপানের শিয়ান কাওয়াসাকি ও ইউসেই শিমোমুরা, গাম্বিয়ার পা ওমর জোবে ও ইসা জালো, নেপালের অনন্ত তামাং ও এরিক বিষ্টা, শ্রীলঙ্কার সুজন পেরেরা এবং নাইজেরিয়ার স্টেফান চুকউদে। তাদের সঙ্গে আগের স্থানীয় ফুটবলাররা আছেন। দেশি-বিদেশি ফুটবলারদের নিয়ে দারুণ একটা দল দাঁড় করিয়ে ফেলেছে ফর্টিস।

প্রস্তুতি নিয়ে দলটির কোচ মাসুদ পারভেজ কায়সার বলেন ‘ট্রেনিংয়ে প্রতিদিন ছেলেরা কঠোর পরিশ্রম করছে। কম্বিনেশনটা যেন বেটার হয়, টিম ওয়ার্কটা যেন বেটার হয়, ওই দিকে আমি নজর রাখতেছি’। ২০২১-২২ মৌসুমে বিসিএলে চ্যাম্পিয়ন হয়ে উঠে আসে প্রিমিয়ার ফুটবলে। বাংলাদেশে যে ক’টা পেশাদার ক্লাব রয়েছে, তাদের মধ্যে অন্যতম ফর্টিস এফসি। অনুশীলন মাঠ, ফুটবলারদের জন্য ভালো মানের আবাসন ব্যবস্থা আছে তাদের। তাই তো প্রথমবার এএফসি শুধু খেলার জন্য নয়, নিজেদের উজাড় করে দিতে চান ফুটবলাররা। ম্যাচটি বিকাল ৩টায় হওয়ায় কন্ডিশনটা কাজে লাগাতে চায় ফর্টিস। কিরগিজস্তান ঠান্ডাপ্রধান দেশ হওয়ায় ফর্টিস বিকাল ৩টায় কিংস অ্যারেনায় ম্যাচের সময় নির্ধারণ করেছে। ৯ই আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে কিরগিজ ক্লাবের।

হোম এডভান্টেজ কাজে লাগানোর কথা জানিয়ে কোচ মাসুদ পারভেজ বলেন, ‘গরমে কিছুটা হলেও তাদের অস্বস্তি থাকে।’ আবহাওয়ার কারণে ফর্টিস সুবিধা পেলেও দলীয় প্রস্তুতিতে কিরগিজ ক্লাবই এগিয়ে জানিয়ে এই কোচ বলেন, ‘ওদের দেশে লীগ চলছে। খেলোয়াড়রা খেলার মধ্যে রয়েছে। আমাদের এখনো মৌসুম শুরু হয়নি। পাশাপাশি তারা আন্তর্জাতিক অঙ্গনে অনেক অভিজ্ঞও।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন