৪ বছর পর টেস্ট নেতৃত্বে ফিরছেন রুট

৪ বছর পর টেস্ট নেতৃত্বে ফিরছেন রুট

ফন্ট সাইজ:

চার বছর পর আবারো টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্বে ফিরছেন জো রুট। বেন স্টোকস-পরবর্তী নতুন এক অধ্যায়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

নিউজিল্যান্ড সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বেন স্টোকস। তার এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই টেস্ট অধিনায়কত্বের ভার আবার এসে পড়ে জো রুটের কাঁধে। শুধু অধিনায়কত্ব বদলই নয়, স্টোকসের অবসরের সঙ্গে সমাপ্তি ঘটেছে টেস্ট দলের কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালামের অধ্যায়েরও। তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং। এসব পরিবর্তনের কারণে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট অনেকটাই প্রবেশ করছে নতুন এক যুগে। তবে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে দলের সঙ্গে শুরু থেকেই থাকছেন না নতুন কোচ ফ্লেমিং। তার অনুপস্থিতিতে এই সিরিজে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক। দলে বেশ কিছু পরিবর্তনও এসেছে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন ডান হাঁটুতে চোট পাওয়া জ্যাকব বেথেল ছিটকে গেছেন পুরো পাকিস্তান সিরিজ থেকেই। তার জায়গায় তিন নম্বর পজিশনে ব্যাট করবেন জর্ডান কক্স। এদিকে, চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ড্যান লরেন্স জায়গা পেয়েছেন ছয় নম্বর ব্যাটিং পজিশনে। দলে ফিরেছেন অলি পোপ ও ব্রাইডন কার্সওÑ অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে হারের পর এই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন তারা। এ ছাড়া, গত গ্রীষ্মে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে অভিষেক হওয়া তরুণ পেসার স্যাম কুককেও রাখা হয়েছে স্কোয়াডে। আগামী ১৯শে আগস্ট হেডিংলিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

২০২২ সালের পর এই প্রথমবারের মতো নিজ দেশের দর্শকদের সামনে দলকে নেতৃত্ব দিতে নামবেন রুট।
পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, ড্যান লরেন্স, অলি পোপ, অলি রবিনসন, জেমি স্মিথ, জোশ টাং।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন