চউকের পরিদর্শন:

নিয়ম বহির্ভূত চলা প্রতিষ্ঠান চিহ্নিত

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীর অসহনীয় যানজটের পেছনে বেসরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অপর্যাপ্ত পার্কিং, অনুমোদিত নকশা লঙ্ঘন এবং ভবনের অনিয়মিত ব্যবহার বড় কারণ হিসেবে উঠে এসেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) পরিদর্শনে।
বৃহস্পতিবার নগরীর তিনটি হাসপাতাল ও দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চউক দেখতে পায়, কোথাও অনুমোদিত পার্কিংয়ের অধিকাংশই নেই, কোথাও পার্কিং এলাকা দখল করে রাখা হয়েছে সিলিন্ডার ও মালামালে, আবার কোথাও আবাসিক ভবনে হাসপাতাল বা স্কুল পরিচালিত হচ্ছে। এসব অনিয়ম দূর করে পার্কিং ব্যবস্থা কার্যকর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এক মাসের সময় দিয়েছে সংস্থাটি।

চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ পরিদর্শনে পার্কভিউ হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, ডেল্টা হাসপাতাল, ডক্টরস হাসপাতাল, চট্টগ্রাম গ্রামার স্কুলের চট্টেশ্বরী ক্যাম্পাস এবং চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুলে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ে। কোথাও অনুমোদিত নকশা অনুযায়ী ড্রপিং বে নেই, কোথাও পার্কিংয়ের নির্ধারিত স্থান ব্যবহার হচ্ছে গুদাম হিসেবে, আবার কোথাও অনুমোদনের সঙ্গে বাস্তব চিত্রের মিল পাওয়া যায়নি।
পরিদর্শন শেষে চউক চেয়ারম্যান বলেন, সব প্রতিষ্ঠানকে এক মাস সময় দেয়া হচ্ছে। এই সময়ের মধ্যে পার্কিং ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে যানজট সহনীয় পর্যায়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি জানান, হাসপাতাল মালিক, স্কুল কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেয়া হবে, যাতে নগরীর যানজট নিরসনে বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করা যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন