২০২৬ বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতান ফেরান তোরেস। রাতারাতি দেশটির ফুটবল ইতিহাসের অংশ হয়ে যাওয়া এই তারকা এবার নিজের ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমাতে চান ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ সপ্তাহের মধ্যেই দলবদল চূড়ান্ত হওয়ার প্রত্যাশায় দিন গুনছেন তিনি। বার্সেলোনার সঙ্গে তোরেসের চুক্তির মেয়াদ আছে ২০২৭ সালের জুন পর্যন্ত।
তবে ক্লাবটির সঙ্গে নতুন করে সমঝোতা না হলে আগামী জানুয়ারি থেকে ফ্রি ফুটবলার হিসেবে অন্য ক্লাবের সঙ্গে আলোচনার সুযোগ পাবেন তিনি। বার্সার খেলোয়াড়েরা যখন ধীরে ধীরে প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য ফিরছেন, তখনই স্পেনের বিশ্বকাপ নায়কের ভবিষ্যৎ নিয়ে নতুন রূপরেখা তৈরি হলো। যুক্তরাষ্ট্রে নিজের স্পন্সরের প্রচারণা সফরে গিয়ে একাধিক সাক্ষাৎকারে বার্সেলোনায় থাকা নিয়ে নিজের অনিশ্চয়তার কথা গোপন রাখেননি তোরেস। আগামী মৌসুমে কোথায় খেলবেন তোরেস? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বার্সেলোনার সঙ্গে চুক্তি আছে, কিন্তু ফুটবলে কখনো কিছু নিশ্চিত করে বলা যায় না। আমরা সঠিক সিদ্ধান্ত নেয়ার অপেক্ষায় আছি। এই মুহূর্তে আমি শুধু এটুকুই জানি যে, আগামী ১২ই আগস্ট বার্সেলোনার অনুশীলনে আমাকে থাকতে হবে। দেখা যাক কী হয়।’ বিশ্বকাপ ফাইনালে নিজের সেই স্মরণীয় গোল নিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘আমি এটা হাজারবার দেখেছি। ম্যাচ শেষ হওয়ার পর আমার নিজের গোলের কথাই মনে ছিল না। এটা ছিল অবিশ্বাস্য। আমি শব্দে বোঝাতে পারবো না।’ পিএসজি ক্লাবের প্রতি আগ্রহ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই ধরনের ক্লাবগুলো যখন আপনাকে চায়, সেটা সবসময়ই ভালো একটা ব্যাপার। কখনো বলা যায় না, কারণ ফুটবলে এক মিনিটেই সব বদলে যেতে পারে, তাই আমাকে সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।’ তোরেসের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বার্সেলোনার অনেক সমর্থক। ২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেয়ার পর থেকে নিয়মিত মূল একাদশে জায়গা পাকা করতে পারেননি তোরেস। তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়লেও এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ে নির্ভার বার্সেলোনা।
ক্লাবটির সূত্র বলছে, পরিকল্পনামাফিক অনুশীলনে ফিরলেই তারা তোরেসের সঙ্গে কথা বলবে। গত মৌসুমে কোচ হানসি ফ্লিকের অধীনে নিয়মিত মূল একাদশে না থাকলেও ৪৯ ম্যাচে ২১ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। শিকাগো ফায়ারে যোগ দেয়া রবার্ট লেভানদোভস্কির বিকল্প হিসেবে বার্সেলোনায় সেন্ট্রাল স্ট্রাইকার পজিশনে খেলার পাশাপাশি আক্রমণভাগের বিভিন্ন জায়গায় বিকল্প হিসেবে খেলেন তোরেস ক্লাবের। বার্সেলোনা তার সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী হলেও নতুন চুক্তিতে বেতন বৃদ্ধির সম্ভাবনা কম বলেই জানা গেছে। এমনকি সেপ্টেম্বর পর্যন্ত আনুষ্ঠানিক আলোচনা পিছিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে ক্লাবের। ২০২২ সালের জানুয়ারিতে সই করা চুক্তির একটি ধারা অনুযায়ী, তোরেসের চুক্তি নবায়ন করলে সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটিকে প্রায় ৭০ লাখ পাউন্ড পরিশোধ করতে হবে বার্সেলোনাকে। পিএসজি থেকে বার্সেলোনা এখনো তোরেসের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি, তবে দলের যেকোনো সদস্যের জন্য প্রস্তাব এলে তা বিবেচনা করবে বলে জানিয়েছে ক্লাবটি। এদিকে বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকের অধীনে থাকা পিএসজি তোরেসকে দলে ভেড়াতে প্রস্তুতি নিচ্ছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। হুলিয়ান আলভারেজের দলবদল এখনো অনিশ্চিত থাকায় বার্সেলোনার দীর্ঘমেয়াদি নম্বর নাইন সংকট এখনো কাটেনি।
