অবশেষে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে নাম লেখালেন আইভরি কোস্টের তরুণ প্রতিভা ইয়ান দিওমান্দে। লাইপজিগ থেকে রেকর্ড ট্রান্সফার ফি’তে ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি আফ্রিকান খেলোয়াড় হলেন তিনি। সপ্তাহখানেক ধরে চলা আলোচনার পর অবশেষে গতকাল বিকালে চূড়ান্ত হয় দিওমান্দের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়টি।
যদিও দুই ক্লাবের মধ্যে প্রাথমিক সমঝোতা আগেই হয়ে গিয়েছিল, তবে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হতে সময় লেগেছে প্রত্যাশার চেয়ে বেশি। সাংবাদিক ফাব্রিজিও রোমানোর বরাতে জানা গেছে, চুক্তি চূড়ান্ত করতে অস্ট্রিয়ায় লাইপজিগের প্রাক-মৌসুম ক্যাম্প থেকে ইতিমধ্যে স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দিওমান্দে। ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, দিওমান্দেকে দলে টানতে রিয়ালের মোট খরচ হচ্ছে ১৩৫ মিলিয়ন ইউরো। যার মধ্যে নির্ধারিত অংশ হিসেবে থাকছে ১২৫ মিলিয়ন ইউরো এবং সঙ্গে ১০ মিলিয়ন ইউরোর অ্যাডঅন। এই চুক্তি চূড়ান্ত হলে জুড বেলিংহামকে ছাড়িয়ে ক্লাবের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় বনে যাবেন এই তরুণ। পাশাপাশি নিকোলাস পেপের ৭২ মিলিয়ন পাউন্ডের আগের রেকর্ড ভেঙে তিনি হয়ে যাচ্ছেন ইতিহাসের সবচেয়ে দামি আফ্রিকান ফুটবলার। গত মৌসুমে লাইপজিগের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও নজর কাড়েন দিওমান্দে। তাকে পেতে শুরু থেকেই আগ্রহী ছিল ফরাসি ক্লাব পিএসজিও। তবে শেষ পর্যন্ত তারা এই দলবদলের দৌড় থেকে সরে দাঁড়ায়। দিওমান্দের রিয়ালে যোগদান এমন এক সময়ে ঘটছে, যখন ক্লাবের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়নের বিষয়টিও প্রায় চূড়ান্তের পথে। ফলে ব্রাজিলিয়ান তারকার বিকল্প হিসেবে নয়, বরং কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুসের সঙ্গে আক্রমণভাগে এক নতুন ত্রিফলা গড়ার লক্ষ্যেই দলে নেয়া হচ্ছে দিওমান্দেকে।
দীর্ঘদিন ধরে রাইট-উইঙ্গার সংকটে ভোগা রিয়ালের জন্য দিওমান্দে হতে পারেন বড় এক সমাধান। রিয়াল মাদ্রিদের সঙ্গে দিওমান্দের চুক্তি হতে যাচ্ছে ২০৩১ সাল পর্যন্ত।
