কাম্পালায় ছিনতাইকারীদের নির্মম হামলায় নিহত হয়েছেন উগান্ডার অন্যতম সেরা ফুটবলার ও দেশটির রেকর্ড চ্যাম্পিয়ন ক্লাব এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি। মোবাইল ফোন ও ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেয়ার সময় বাধা দেয়ায় তাকে নির্মমভাবে আঘাত করে দুর্বৃত্তরা। তার মৃত্যুতে পুরো উগান্ডায় নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি সহিংস অপরাধ নিয়ে দেশজুড়ে উঠেছে ক্ষোভ ও প্রতিবাদের ঝড়।
মঙ্গলবার রাত আটটার দিকে কাম্পালার মাকিন্ডে ডিভিশনে নিজের বাড়ির কাছেই হামলার শিকার হন ২৭ বছর বয়সী ওওরি। এসসি ভিলার এক মুখপাত্রের বরাতে জানা গেছে, একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে ফুটপাতের পেভিং স্টোন দিয়ে বেধড়ক পেটায়। পরে তার মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় আক্রমণকারীরা। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি ক্লিনিকে নেন, পরে গুরুতর অবস্থায় স্থানান্তর করা হয় কেস ক্লিনিকে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। উগান্ডা প্রিমিয়ার লীগের রেকর্ড ১৭ বারের চ্যাম্পিয়ন এসসি ভিলার হয়ে রাইট-ব্যাক ও মিডফিল্ডÑদুই পজিশনেই সমান দক্ষতা দেখান ওওরি। জাতীয় দল উগান্ডা ক্রেনসের জার্সিও গায়ে জড়িয়েছেন তিনি। ২০১৬ সালে ভাইপার্স এসসিতে পেশাদার ক্যারিয়ার শুরু করা এই ফুটবলার ২০১৮ সালে এসসি ভিলায় যোগ দেন।
এরপর স্পেনে দুই বছর কাটিয়ে ২০২৩ সালে আবার ফেরেন প্রিয় ক্লাবে। ২০২৪ সালে দলকে দুই দশক পর লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওওরির সঙ্গে ক্লাবের চুক্তি ছিল ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত। ওওরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেয় এসসি ভিলা। উগান্ডা ফুটবল ফেডারেশন (ফুফা) এবং জাতীয় দলও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দেশটির সংসদে ওওরির স্মরণে পালিত হয় এক মিনিট নীরবতা, পাশাপাশি নগর এলাকায় ক্রমবর্ধমান সহিংস অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্যরা। কিছুদিন আগেই কাম্পালায় আরেক উগান্ডান তারকা রাগবি খেলোয়াড় সিডনি গংগোদিও অনুরূপ হামলায় নিহত হয়েছিলেন। এমনকি একই সপ্তাহে মাসাজা কাপের একটি ম্যাচে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় আরেক ফুটবলার রজার্স সেবিয়ন্দিয়ারও।
