জয় দিয়ে লিগস কাপের মিশন শুরু মেসিদের

জয় দিয়ে লিগস কাপের মিশন শুরু মেসিদের

ফন্ট সাইজ:

লিওনেল মেসির প্রথমার্ধের অনবদ্য পারফরম্যান্স আর তরুণ লেফট-ব্যাক নোয়া অ্যালেনের অ্যাসিস্টের হ্যাটট্রিকে ২০২৬ লিগস কাপ মিশন জয় দিয়ে শুরু করল ইন্টার মায়ামি। ঘরের মাঠে মেক্সিকান ক্লাব অ্যাটলেটিকো ডি সান লুইসকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে ফ্লোরিডার দলটি।

গত আসরের ফাইনালে বর্ণবাদী আচরণের অভিযোগে ৬ ম্যাচ নিষিদ্ধ থাকা লুইস সুয়ারেজকে ছাড়াই খেলতে নামে মায়ামি। তবে ম্যাচটি ছিল বিশেষ কিছু—ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর সঙ্গে এই প্রথম শুরুর একাদশে একসঙ্গে মাঠে নামলেন মেসি।

শুরুটা মোটেও ভালো হয়নি মায়ামির। মাত্র ৩ মিনিটেই রক্ষণের ভুলের সুযোগে এগিয়ে যায় সান লুইস। তবে ধাক্কা সামলাতে দেরি করেননি মেসি—৮ মিনিটেই অ্যালেনের ক্রস থেকে বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে সমতা ফেরান তিনি। বিশ্বকাপ-বিরতির পর এটি ছিল আর্জেন্টাইন অধিনায়কের প্রথম গোল।

এরপর পুরোপুরি ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় মায়ামি। ভিএআরে পিন্টারের একটি গোল অফসাইডে বাতিল হলেও দ্রুতই দলকে এগিয়ে দেন টেলাস্কো সেগোভিয়া, অ্যালেনের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে করেন ২-১। এর কিছুক্ষণ পর সান লুইসের পক্ষে পেনাল্টির বাঁশি বাজলেও ভিএআর রিভিউতে তা ডাইভিং বলে বাতিল হয়।

বিরতির ঠিক আগে অ্যালেনের তৈরি সুযোগে গোলরক্ষক বল না ছোঁয়ানোয় ফাঁকায় বল পেয়ে যান মেসি, আর জালে জড়িয়ে অ্যালেনের অ্যাসিস্ট-হ্যাটট্রিক পূর্ণ করেন আটবারের ব্যালন ডি'অর জয়ী তারকা। যোগ করা সময়ে মেসির নিখুঁত কর্নার থেকে হেডে ব্যবধান ৪-১ করেন সেন্টার-ব্যাক মিকায়েল।

বিরতির পর দূরপাল্লার শটে ব্যবধান কমায় সান লুইস (৪-২)। ম্যাচের ৬৮ মিনিটে বজ্রপাতের কারণে প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ থাকে। খেলা ফিরলেও আগের গতি আর দেখা যায়নি; বাকি সময় সহজেই নিয়ন্ত্রণ ধরে রেখে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।

আগামী শনিবার টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে আরেক মেক্সিকান ক্লাব মোন্তেরেইয়ের মুখোমুখি হবে মায়ামি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন