বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ব্যক্তিত্বে সকলেই মুগ্ধ। তার কথায় অনেকেরই মন ছুঁয়ে যায়। কিন্তু সেই দীপিকাই নাকি একটা সময়ে গালাগালি করেছেন। এমনকি বারান্দায় দাঁড়িয়েই জোরে জোরে গালাগাল করতে দেখা যায় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেত্রী ও অভিনয় প্রশিক্ষক জয়তী ভাটিয়া। তিনি বলেন, ঘটনাটি ‘রামলীলা’ সিনেমার সময়ের। শুটিংয়ের আগে দীপিকাকে চরিত্রের জন্য প্রস্তুতি নিতে হয়েছিল। সেখানেই দীপিকার সঙ্গে আমার সাত দিন চার ঘণ্টা করে ওয়ার্কশপের কথা ছিল। সঞ্জয় সে সময় আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে করে হোক এই ওয়ার্কশপের সময়ে দীপিকাকে তার খোলস থেকে বের করে আনতে।
জয়তী বলেন, ক্যামেরার সামনে যেন কোনও সংকোচ না থাকে এবং চরিত্রে পুরোপুরি ঢুকে যেতে পারেন সে কারণে ‘গালাগালি’ অনুশীলন করানো হয়েছিল তাকে।
তিনি আরও বলেন, আমি নিজেও খুব একটা গালাগাল দিতে পারি না। তবু প্রথমে আমাকেই গালাগাল দিয়ে দেখাতে হয়েছিল যাতে কী করতে হবে, সেটা দীপিকা বুঝতে পারে। তবে যেভাবে সবটা হয়েছিল, রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছিলেন সকলে। অফিসের নিচে একজন খাবার বিক্রেতা বসতেন। দীপিকাকে নির্দেশ দেওয়া হয়েছিল বারান্দায় দাঁড়িয়েই জোরে জোরে গালাগাল দিতে হবে, নীচের দিকে না তাকিয়ে। যেমন কথা তেমন কাজ।
এর পরেই গালাগাল দিতে শুরু করলেন দীপিকা। জয়তীর ভাষ্য, দরজা খুলে দাঁড়িয়ে একের পর এক গালাগাল দিতে থাকেন দীপিকা। আমি থামতে বললেও ও কিছুতেই চুপ করছে না। এমন সব গালাগাল দিল, যা কখনও শুনিনি। যা মুখে এসেছে, সব যেন উগরে দিলো। আমার মুখ থেকেও যেন মুহূর্তে বেরিয়ে এল বাহ দারুণ।
