ব্রাজিলের ফুটবলে ফের বিতর্কের ঝড় তুললেন নেইমার জুনিয়র। কোপা দো ব্রাজিলের এক রোমাঞ্চকর ম্যাচে রেমোকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সান্তোস। তবে ম্যাচ শেষে মাঠের লড়াই ছাপিয়ে বড় হয়ে উঠেছে টানেলের ভেতরের উত্তপ্ত পরিস্থিতি। প্রতিপক্ষকে নিয়ে নেইমারের আনন্দ ও উপহাস নতুন করে জন্ম দিয়েছে তীব্র আলোচনার। ম্যাচ জুড়ে মেঙ্গুয়েরাও স্টেডিয়ামের গ্যালারি থেকে নেইমারকে লক্ষ্য করে চলতে থাকে মুহুর্মুহু কটূক্তি। তবে দমে যাননি এই অভিজ্ঞ ফরোয়ার্ড। শেষ বাঁশি বাজার পর ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারির দর্শকদের দিকে চুম্বন ছুড়ে দেন তিনি। এরপর মিক্সড জোনে পৌঁছে রেমো কর্মকর্তা ও সমর্থকদের সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে নাচতে শুরু করেন এবং চিৎকার করে বলতে থাকেন, ‘বিদায়! বিদায়!’ এই দৃশ্য মুহূর্তেই পরিবেশ উত্তপ্ত করে তোলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, উভয় পক্ষের হাতাহাতি এড়াতে শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীদের প্রাচীর গড়তে হয়।
ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়েন রেমোর প্রেসিডেন্ট আন্তোনিও কার্লোস তেইশেইরা। ও ফ্লুক্সো-কে দেয়া সাক্ষাৎকারে তিনি নেইমারের তীব্র সমালোচনা করে বলেন, ‘ওই অপদার্থ নেইমার, যাকে শিশুরা আদর্শ মানে, এখানে এসে নানা কায়দা দেখিয়ে আমাদের উসকে দিয়েছে। আমাদেরই দোষ যে, আমরা ওর মতো এমন কিছু অপদার্থকে মাথায় তুলে রাখি।’ অবশ্য মাঠের পারফরম্যান্স অন্য কথা বলছে। ভিলা বেলমিরোর প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ার পর, ফিরতি লেগের প্রথমার্ধেও কোনো গোল ছিল না। দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল বন্তেম্পোর বদলি হিসেবে মাঠে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নেইমার। দুর্দান্ত গতিতে বক্সে ঢুকে সতীর্থ বদলি খেলোয়াড় রনিকে দিয়ে গোল করান তিনি। এই জয়ে সান্তোস শেষ আটে পৌঁছানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধাও নিশ্চিত করেছে। তবে খেলার চেয়েও বেশি আলোচনায় এখন এই ব্রাজিলিয়ান তারকার শৃঙ্খলা ভবিষ্যৎ। এখন দেখার বিষয়, এই টানেলকাণ্ডের পর ব্রাজিলের ফুটবল কর্তৃপক্ষ নেইমারের বিরুদ্ধে কোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা নেয় কি না!
ক্লাব ফুটবল ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশায় নেইমার
এদিকে, ফুটবল আঙিনায় আরেকবার জোরালো হলো নেইমারের অবসরের গুঞ্জন। সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার পর বুটজোড়া চিরতরে তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন এই ব্রাজিলিয়ান মহাতারকা। সম্প্রতি বিশ্বকাপের পর দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ৩৪ বছর বয়সী এই তারকা এখন নিজের ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে রয়েছেন।
নেইমার জুনিয়র ইনস্টিটিউটের এক নিলাম অনুষ্ঠানে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি জানি না আর কতোদিন খেলবো। তবে ডিসেম্বরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি আছে এবং আমি তা সম্মান জানাতে চাই। এরপর দেখবো কী হয়- থাকা, যাওয়া নাকি ফুটবল থেকে বিদায় নেয়া।’
সৌদি ক্লাব আল হিলালের পর ২০২৫ সালের জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। চোটের দীর্ঘ লড়াই শেষে অবনমন থেকে ক্লাবকে রক্ষা করতে বড় ভূমিকা রাখেন তিনি। যদিও বিশ্বমঞ্চে ইনজুরিতে তার স্বপ্নভঙ্গ হয়।
