আসন্ন মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগসহ উয়েফার সব প্রতিযোগিতায় তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া দুটি বড় নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই নতুন নিয়মগুলো ইউরোপা লীগ এবং কনফারেন্স লীগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
প্রথম পরিবর্তনটি আনা হয়েছে হলুদ কার্ডের নিয়মে। এতদিন পর্যন্ত খেলোয়াড়দের সাসপেনশন বা নিষিদ্ধের খড়গ নেমে আসতো তিনটি হলুদ কার্ড দেখলে, যার ধারাবাহিকতা ছিল পাঁচ ও সাতটি কার্ডে। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে চার, ছয় ও আটটি হলুদ কার্ডে নিষেধাজ্ঞা কার্যকর হবে।
উয়েফার নিয়মাবলির ৬৩.০২বি ধারায় স্পষ্ট বলা হয়েছে, ‘লীগ পর্বের প্রথম ম্যাচ থেকে শুরু করে, খেলোয়াড় এবং টিম অফিসিয়ালরা এমন কোনো লাল কার্ড ছাড়া চারটি হলুদ কার্ড দেখার পর পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন, এবং এর পরে প্রতি জোড় সংখ্যায় (ষষ্ঠ, অষ্টম ইত্যাদি) এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।’
দ্বিতীয় এবং আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে স্টেডিয়ামের ঘড়ির নিয়মে। এতদিন পর্যন্ত স্টেডিয়ামের বড় স্ক্রিনের ঘড়িগুলো প্রথমার্ধের ৪৫ মিনিট এবং পুরো ম্যাচের ৯০ মিনিটে এসে থেমে যেত। এর ফলে দর্শকরা যোগ করা সময়ের সঠিক স্থায়িত্ব বুঝতে পারতেন না।
নতুন নিয়মের ফলে এখন থেকে রেফারি প্রথমার্ধ বা পুরো ম্যাচের খেলা শেষ না করা পর্যন্ত স্টেডিয়ামের ঘড়িগুলো চলতেই থাকবে, যা অতিরিক্ত সময়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ইংলিশ প্রিমিয়ার লীগ ও ইএফএল ২০২৩-২৪ মৌসুম থেকেই এই পদ্ধতি চালু করেছে। এই পদক্ষেপে উয়েফা তাদের সঙ্গে সামঞ্জস্য আনলো।
বর্তমানে ফেনারবাচে, লিঁও, বোডো/গ্লিমট এবং অলিম্পিয়াকোসের মতো দলগুলোর অংশগ্রহণে চ্যাম্পিয়নস লীগের বাছাইপর্ব পর্ব ইতোমধ্যে বেশ জমে উঠেছে। নতুন এই নিয়মগুলো ইউরোপিয়ান ফুটবলকে আরও রোমাঞ্চকর ও আধুনিক করে তুলবে বলে আশা করা হচ্ছে।
