বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, গণভোটের রায় নিয়ে আপস করার জন্য তাদের ওপর ধারাবাহিকভাবে চাপ ও লোভ দেখানো হচ্ছে। তিনি বলেন, গণভোটের গণরায় আমরা পাহারা দেব। এ দাবি আমরা পরিত্যাগ করব না। প্রয়োজনে জীবনের বিনিময়েও এ দাবি আদায় করা হবে। বুধবার ( ৫ আগস্ট)জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে গড়ে উঠেনি , এ আন্দোলন গড়ে উঠেছিল তরুণ সমাজের নেতৃত্বে। এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। তিনি অভিযোগ করেন, শহীদদের নিয়ে বিভাজনের চেষ্টা চলছে, যা কাম্য নয়। তাদের নিয়ে কোনো রাজনীতি হোক তা আমরা পছন্দ করি না। এখনো ঘরে ঘরে আহত যোদ্ধারা কাতরাচ্ছে। শহিদ পরিবারকে সম্মানের সঙ্গে পুনর্বাসন করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে হবে। কার সাথে আঁতাত করে জাতির এই দাবি গুলো উপেক্ষা করা হচ্ছে এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। এর আগে নির্বাচনের আগে তিনি ও এ দাবি করেছেন।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদীরা যেসব জুলুম করেছে, গত পাঁচ মাসে আপনারা তারই প্রতিচ্ছবি দেখিয়েছেন। বাংলার মাটিতে কোনো ধরনের ফ্যাসিবাদ আমরা মেনে নেব না। তিনি সরকারকে গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানান
ছাত্র-শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিবাদ যেখানে প্রতিরোধ, সেখানে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, সরকারি দল বলে মাত্র ৫ মাস হলো সরকারের এত অস্থির কেন আপনারা । আমি পাল্টা প্রশ্ন করতে চাই মাত্র ৫ মাসে জনগণের সঙ্গে এত বিশ্বাসঘাতকাতা করলেন কেন? সবকিছু দেখে মনে হচ্ছে, আরেকটি বিপ্লব অনিবার্য।
