স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে মামলা

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

সোশ্যাল মিডিয়ায় আলোচিত নেত্রকোণার কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

স্থানীয়ভাবে সালিস বসিয়ে জরিমানা ও এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, সেই সালিসের ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে। বর্তমানে অভিযুক্ত রিপন মিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

জানা যায়, গত শনিবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রী বাড়ির উঠানে রান্না করছিল। ওই সময় তার বাবা স্থানীয় বাজারের একটি চায়ের দোকানে ছিলেন এবং মা ছিলেন কাজের সূত্রে বাইরে। এই সুযোগে রিপন মিয়া জোরপূর্বক তাকে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছে কিশোরীর পরিবার। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রিপন স্থান ত্যাগ করেন।
আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে গত সোমবার রাতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস বসে। জানা গেছে, ওই সালিসে অভিযোগ স্বীকার করে ক্ষমা চান রিপন। সেখানে উপস্থিত একজনের পা ধরে আকুতি জানানোর দৃশ্যও দেখা যায়  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে। ভিডিওতে রিপনকে বলতে শোনা যায়, “ভুল করলেও করছি, না করলেও করছি। ভুল তো মানুষ করেই, আমি একটা ভুল কইরাইলছি।”
​সালিস থেকে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার মৌখিক রায় দেওয়া হয়। বিষয়টি পুলিশ জানতে পেরে পরদিন সকালে ঘটনাস্থলে যায়। তবে সেখানে রিপন কিংবা সালিসকারীদের কাউকে পাওয়া যায়নি।
​পরবর্তীকালে ভুক্তভোগী ছাত্রীর বাবা-মাকে থানায় নিয়ে লিখিত অভিযোগ গ্রহণ করে পুলিশ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
​নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে রিপন মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। পাশাপাশি অপরাধ ধামাচাপা দিতে বেআইনি সালিস আয়োজনের পেছনে জড়িতদের বিষয়টি খতিয়ে দেখা হবে। আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
​উল্লেখ্য, পেশায় কাঠমিস্ত্রি রিপন মিয়া 'হাই আই এম রিপন ভিডিও' এবং 'আই লাভ ইউ, এটাই বাস্তব' সংলাপের ভিডিও বানিয়ে ফেসবুকে বেশ পরিচিতি পান। বর্তমানে তার ফেসবুক পেজে প্রায় ১৯ লাখ অনুসারী রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন