জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটি উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। সাধারণ দর্শনার্থীরা আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে অনলাইনে আবেদন করে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং টানা ১৭ বছরের শাসনের অবসান হয়। সেই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং স্মৃতি সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।
জাদুঘরটি উদ্বোধনের দাবি গত কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন জানিয়ে আসছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় । পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন করে জাদুঘরটি উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়।
