প্রকাশিত সংবাদের বিষয়ে কেসিসি’র প্রতিবাদ

প্রকাশিত সংবাদের বিষয়ে কেসিসি’র প্রতিবাদ

ফন্ট সাইজ:

গত ২৮শে জুলাই মানবজমিন-এ প্রকাশিত ‘খুলনায় টেন্ডার ছাড়া কেসিসি’র শতাধিক কাজ ভাগ বাটোয়ারা’ শীর্ষক সংবাদটির প্রতিবাদ জানিয়েছে খুলনা সিটি কর-পোরেশন (কেসিসি)। কেসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. দেলওয়ার স্বাক্ষরিত ওই প্রতিবাদপত্রে বলা হয়েছে, টেন্ডার ছাড়া কোনো উন্নয়ন কাজ দেয়া হয়নি। সরকারের ক্রয়বিধি (পিপিআর) অনুসরণ করেই কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ক্ষুদ্র আকারের কিছু জরুরি কাজ সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী অনুমোদিত সীমার মধ্যে সম্পন্ন করা হয়েছে।

প্রকাশিত সংবাদে ‘কোটেশনে’ কাজ দেয়ার বিষয়টি অসত্য দাবি করে প্রতিবাদপত্রে বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫, তফসিল-২ এর ৯৯ (১) (ড) ধারায় সরাসরি চুক্তির আওতায় উন্নয়ন বাজেটে অধিদপ্তর বা সংস্থার সদর দপ্তরের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে ৫ লাখ টাকা; তবে বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয়/বিভাগের সচিবের অনুমোদনক্রমে সর্বোচ্চ ২০ লাখ টাকা ব্যয়ের উল্লেখ আছে। উল্লেখিত বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ রেখে ডিপিএম পদ্ধতিতে কাজগুলো কেসিসি’র তালিকাভুক্ত ঠিকাদার দ্বারা বাস্তবায়ন করা হয়েছে এবং কাজের গুণগতমানের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

কেসিসি’র দাবি, সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে, তার পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। ডিপিএম পদ্ধতিতে বাস্তবায়িত কাজের নোটিশ ওয়েবসাইট বা নোটিশ বোর্ডে প্রকাশের বাধ্যবাধকতা নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন