জম্মু-কাশ্মীরে আটক কথিত ২১ বাংলাদেশি

জম্মু-কাশ্মীরে আটক কথিত ২১ বাংলাদেশি

ফন্ট সাইজ:

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় চার নারী ও সাত শিশুসহ কথিত ২১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের জম্মু ও কাশ্মীরে নিয়ে যেতে কারা সহায়তা করেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভারতীয় কর্মকর্তাদের বরাতে সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১লা আগস্ট বানিহালে তল্লাশি অভিযানের সময় দুটি গাড়ি থেকে তাদের আটক করা হয়। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

সাম্প্রতিক ভারী বৃষ্টি, ভূমিধসের কারণে বর্তমানে অমরনাথ যাত্রার বহরে থাকা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়িকে কাশ্মীরের দিকে যেতে দেয়া হচ্ছে না। এ সময় তল্লাশির মধ্যেই ওই দুই গাড়িতে থাকা ব্যক্তিদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ২ থেকে ৩৮ বছরের মধ্যে।

এক কর্মকর্তা জানান, যাচাই-বাছাইয়ের সময় আটক ব্যক্তিদের কেউই ভারতে বৈধভাবে প্রবেশ বা অবস্থানের প্রমাণ হিসেবে কোনো বৈধ পরিচয়পত্র কিংবা ভ্রমণসংক্রান্ত নথি দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে তারা প্রথমে ভারতের আসামে প্রবেশ করেন। সেখান থেকে ট্রেনে করে জম্মুতে আসেন এবং কর্মসংস্থানের আশায় কাশ্মীরের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় কোনো স্থানীয় বা আন্তঃরাজ্য চক্র অবৈধভাবে তাদের যাতায়াতে সহায়তা করেছে কি না, তা তদন্ত করে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন