ফুটবলকে ‘বাঁচানোয়’ উয়েফার প্রতি কৃতজ্ঞতা রিয়াল মাদ্রিদের

ফন্ট সাইজ:

ফিফার বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা ভেস্তে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে ইউরোপিয়ান ফুটবলের পরাশক্তি রিয়াল মাদ্রিদ। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- ফিফা তাদের লাভজনক প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিক্রির লোভনীয় পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছে। আর এই ঐতিহাসিক পদক্ষেপে উয়েফার দৃঢ় ভূমিকার জন্য তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে লস ব্লাঙ্কোসরা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামক কোম্পানির মাধ্যমে পুরুষ ও নারী বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব থেকে ২০ শতাংশ অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল। তবে উয়েফা, কনকাক্যাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তীব্র বিরোধিতার মুখে সেই পরিকল্পনা অবশেষে মুখ থুবড়ে পড়ে। এ বিষয়ে এক অফিসিয়াল বিবৃতিতে রিয়াল মাদ্রিদ অত্যন্ত স্পষ্ট ভাষায় তাদের অবস্থান তুলে ধরে। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়, ‘ফিফার প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার আংশিক বিক্রির প্রস্তাব বাতিলের সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে রিয়াল মাদ্রিদ।
আমাদের ক্লাব মনে করে এটি ফুটবল, এর প্রতিষ্ঠানসমূহ এবং কোটি কোটি ভক্ত-সমর্থকদের জন্য একটি দারুণ সুসংবাদ।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘যেসব প্রতিষ্ঠান এই প্রকল্পের বিরুদ্ধে দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, রিয়াল মাদ্রিদ তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। বিশেষ করে উয়েফা এবং বিভিন্ন কনফেডারেশনের ঐক্য এই সংকটময় মুহূর্তে ফুটবলকে রক্ষা করেছে।’
বিশ্লেষকদের মতে, ফিফার এই বিতর্কিত পদক্ষেপে ফাটল ধরেছে সংস্থার ভেতর থেকেই। ফিফা সভাপতির সিনিয়র উপদেষ্টা কার্লোস করদেইরো এই চুক্তিকে ‘ফুটবলের ভবিষ্যতের জন্য ক্ষতিকর’ উল্লেখ করে পদত্যাগ করেছেন। ক্লাবগুলোই জাতীয় দল ও বিশ্বকাপের আসল ভিত্তি বলে মনে করে রিয়াল মাদ্রিদ। তাদের মতে, বিশ্বকাপ কোনো সাধারণ আর্থিক সম্পত্তি নয়, যা মুষ্টিমেয় কিছু মানুষের লাভের জন্য বাজারে বিক্রি করা যেতে পারে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন