প্রথম আলোর প্রধান শিরোনাম- হামের রোগীর ঝুঁকি আরও বাড়াচ্ছে এডিনো ভাইরাস। খবরে বলা হয়, হামের রোগী এডিনো ভাইরাসে আক্রান্ত হলে জটিলতা বাড়ে, রোগীর অবস্থা দ্রুত খারাপ হয়।বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত বেশ কিছু শিশুর স্বাস্থ্য পরীক্ষায় এই ভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসকেরা বলছেন, হামের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে এডিনো ভাইরাসের বিষয়টি বিবেচনায় রাখা উচিত। শিশু হাসপাতালের পক্ষ থেকে এডিনো ভাইরাসের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেয়নি।যুক্তরাষ্ট্র সরকার এবং তাদের রোগনিয়ন্ত্রণ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তাদের বিশেষজ্ঞরা ইতিমধ্যে শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন।জনস্বাস্থ্যবিশেষজ্ঞ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি নতুন কোনো ভাইরাস নয়। এই ভাইরাসের উপস্থিতি অনেক বছর ধরে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে আছে। ১২ মাস থাকে। এটি মারাত্মক কোনো জীবাণু নয়। এ ভাইরাসের কারণে জ্বর, সর্দি, কাশি হয়। আক্রান্ত মানুষ সহজে ভালো হয়। কিন্তু হাম ও এডিনো ভাইরাসের সংক্রমণ একসঙ্গে হলেই জটিলতা বেশি দেখা যাচ্ছে।
আজকের পত্রিকা
আজকের পত্রিকার প্রধান শিরোনাম- মিয়ানমার থেকে গ্যাস আনতে চায় সরকার। খবরে বলা হয়, দেশের ক্রমবর্ধমান জ্বালানির ঘাটতি কমাতে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।মিয়ানমার বাংলাদেশে গ্যাস রপ্তানির বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। দেশটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ( এলএনজি ) রপ্তানির প্রস্তাব দিয়েছে। উভয় প্রস্তাবের সম্ভাব্যতা খতিয়ে দেখতে শিগগির দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
ঢাকায় গতকাল রোববার মিয়ানমারের প্রতিনিধিদলের সঙ্গে জ্বালানি সহযোগিতা - বিষয়ক আলোচনায় এই প্রস্তাব দেওয়া হয় এবং মন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত হয়।মিয়ানমারের প্রতিনিধিদলে থাকা ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে জানিয়েছেন বাংলাদেশে গ্যাস রপ্তানির বিষয়ে তার দেশের ইতিবাচক অবস্থানের কথা জানান।
মিয়ানমার প্রস্তাব দিয়েছে এলএনজি রপ্তানির সম্ভাব্যতা খতিয়ে দেখতে, এ নিয়ে শিগগির মন্ত্রী পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশ রূপান্তর
' আগস্ট ঘিরে পুলিশে চাপা 'আতঙ্ক'- দেশ রূপান্তর পত্রিকার প্রধান শিরনাম এটি। খবরে বলা হয়, সাভারে বোমা উদ্ধার এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতা জারি করে সব জেলার এসপিসহ ইউনিট প্রধানদের বিশেষ বার্তা পাঠানো হয়েছে।কোনো স্থানে বোমার তথ্য পেলে তা উড়িয়ে না দেয়ার পাশাপাশি পুলিশের প্রত্যেক সদস্যকে সাবধানে চলাফেরার নির্দেশনা দেয়া হয়েছে এবং পোশাক পরে একা চলাফেরা করতে নিষেধ করা হয়েছে। বার্তা পেয়ে পুলিশ কর্মকর্তারা গতকাল বিশেষ বৈঠক করেছেন। আওয়ামী লীগ নেতাকর্মীসহ চিহ্নিত অপরাধীদের ধরতে বিশেষ ছক আঁকা হয়েছে।
বণিক বার্তা
ব্যাংকের বাইরে নগদ অর্থ আছে ৩ লাখ ৪৯ হাজার ৩৭৪ কোটি টাকা- বণিক বার্তা পত্রিকার শিরোনাম এটি । খবরে বলা হয়, দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দ্রুত সম্প্রসারণ ঘটলেও নগদ অর্থের ব্যবহার কমেনি। বরং ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার পরিমাণ বাড়তে বাড়তে ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে, চলতি বছরের মে মাসের শেষে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ৪৯ হাজার ৩৭৪ কোটি টাকা।জুন ও জুলাইয়ে এমন নগদ অর্থের পরিমাণ আরো বেড়েছে। ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের স্থিতি এখন ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে। নগদ অর্থের ছড়াছড়ি এমন সময়ে বাড়ছে, যখন দেশের ব্যাংক খাতে পেমেন্ট ব্যবস্থা অনেক বেশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর।গ্রাহকরা চাইলে ঘরে বসেই ব্যাংকে যেকোনো অংকের অর্থ লেনদেন করতে পারছেন। ব্যাংকের অ্যাপস কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে যখন খুশি কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধ থেকে শুরু করে প্রায় সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারছেন।
কালের কণ্ঠ
ভোলা-বরিশালে হচ্ছে দীর্ঘতম সেতু- শীর্ষক কালের কণ্ঠ পত্রিকার খবরে বলা হয়, সরকার ২০৩৩ সালের মধ্যে ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে।এটি হতে যাচ্ছে দেশের দীর্ঘতম সেতু। সরকারি-বেসরকারি অংশীদারিতে (পিপিপি) প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে জাপানের নির্মাণ প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড। বাংলাদেশ সেতু বিভাগ ও পিপিপি কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে। রাজধানীতে অনুষ্ঠিত অষ্টম বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্মের সভায় ভোলা-বরিশাল ও শরীয়তপুর-চাঁদপুর সেতু প্রকল্পকে নতুন অগ্রাধিকার প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড দুটি সেতু নির্মাণে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। এই দুটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪২৩ কোটি টাকা। এর মধ্যে শুধু ভোলা-বরিশাল সেতুর ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৭ হাজার ৪৬৬ কোটি টাকা। পিপিপি নীতিমালা অনুযায়ী ভূমি অধিগ্রহণের ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সেতু বিভাগের তথ্য অনুযায়ী, ভোলা-বরিশাল সেতুর দৈর্ঘ্য হবে ১০.৮৬ কিলোমিটার।
সমকাল
সমকাল পত্রিকার প্রধান শিরোনাম- ঋণ জালিয়াত চক্রের কবলে কয়েক হাজার শ্রমজীবী। খবরে বলা হয়, কয়েক হাজার প্রান্তিক মানুষ বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণ জালিয়াতি চক্রের কবলে পড়েছেন। শুধু কেরানীগঞ্জের হযরতপুর শাখায় নিয়মবহির্ভূতভাবে এক হাজার ৯২২টি ঋণের বিপরীতে ৯ কোটি ১২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ শাখায় ৩১৫টি ও কুষ্টিয়া শাখায় ১৬৫টি ভুয়া ঋণ চিহ্নিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও কৃষি ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় এ তথ্য জানা গেছে। সমকাল এর ভিত্তিতে মাঠ পর্যায়ে অনুসন্ধান করে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।
অনুসন্ধানে জানা গেছে, ঋণ শোধ করতে হবে না কিংবা সরকারি অনুদান হিসেবে অর্থ এসেছে– এমন কথা বলে স্থানীয় দালাল ও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন সময়ে এসব ভুয়া ঋণ সৃষ্টি করা হয়। কিছু ক্ষেত্রে জালিয়াতি ধরা পড়েছে। কোনো কোনো জায়গায় অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে উল্টো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। যাদের নামে ঋণ তোলা হয়েছে, তাদের অধিকাংশের অক্ষরজ্ঞান নেই। তারা বর্গাচাষি নন। তাদের পেশা দিনমজুর, জেলে, রিকশা-ভ্যানচালক, রাজমিস্ত্রি, মুদি দোকানদার কিংবা প্রবাসী। কেউ কেউ বেকার। তাদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সংগ্রহ করে ভুয়া ঋণ সৃষ্টি করা হয়েছে। তাদের হাতে সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে বড় অংশ দালাল ও ব্যাংকের অসাধু কর্মকর্তারা ভাগ করে নিয়েছেন।
