স্বর্ণ জয় শিমুর

স্বর্ণ জয় শিমুর

ফন্ট সাইজ:

নিজেদের আঙিনায় ওয়ার্ল্ড এশিয়া আরচারি প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে স্বর্ণ জিতলেন সীমা আক্তার শিমু। গতকাল টঙ্গী আরচারি ট্রেনিং একাডেমিতে রিকার্ভ মিক্সড ইভেন্টে মালয়েশিয়ার দানিশের সঙ্গে জুটি বেঁধে এ পদক জেতেন তিনি। আর রিকার্ভ পুরুষ এককের ফাইনালে হেরে রৌপ্য পান রামকৃঞ্চ সাহা। ভুটানের শেরিং কিনলের বিপক্ষে প্রথম সেট জিতে শুভসূচনা করলেও শেষ পর্যন্ত ২-৬ ব্যবধানে হেরে যান রামকৃষ্ণ।

একই ইভেন্টে চতুর্থ হন আবদুর রহমান আলিফ। টুর্নামেন্টের নারী এককের ফাইনালে দেখা গেছে চীনা দ্বৈরথ। সেখানে মুজি লি স্বদেশি জিয়াওয়েন শেনকে হারিয়ে স্বর্ণ জেতেন। রিকার্ভ অনূর্ধ্ব-১৮ নারী এককে বাংলাদেশের সোনালি রায় ষষ্ঠ ও সাইমা সালাহ উদ্দিন সপ্তম স্থান অর্জন করেন। এই ইভেন্টের স্বর্ণ জেতেন সংযুক্ত আরব আমিরাতের সামিয়া। ফাইনালে ভারতের আনন্দরাও গাথাকে হারান তিনি। ছেলেদের অনূর্ধ্ব-১৮ বিভাগে সেমিফাইনাল খেলেন বাংলাদেশের ইমতিয়াজ আমিন ফতেমি ফুয়াদ। শেষ চারে গিয়ে থামেন তিনি।

এই ইভেন্টের স্বর্ণ জেতেন ভারতের বালাজি। ফাইনালে ফিলিপাইনের মার্ক জেনারেলকে হারান তিনি। এ নিয়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ আরচারি টুর্নামেন্ট আয়োজন করলো বাংলাদেশ। এবারের টুর্নামেন্টে ১৭টি দেশ অংশ নেয়। এর আগে টানা তিন দিন একই ভেন্যুতে জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে টেকনিক্যাল অফিশিয়ালসহ মোট ২৬টি দেশের প্রতিনিধি অংশ নেয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন