ঢাকা ওয়াসার বোর্ডের নতুন চেয়ারম্যানের হয়েছেন মো. সাব্বির মোস্তফা খান। আজ রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনে ওয়াসার নতুন এমডি ঘোষণা করে। প্রজ্ঞাপনে মো. সাব্বির মোস্তফা খানকে তিন বছরের জন্য চেয়ারম্যান পদে বসানোর কথা বলা হয়েছে।
বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের এই অধ্যাপক দুই যুগের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। ১৯৯৬ সালে বুয়েটের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৭ সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ কৌশল (ডাব্লিউআরই) বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।
কর্মজীবনে তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নদী তীর সংরক্ষণ বিষয়ক একটি কোর্সে ‘রিসোর্স পারসন’ হিসেবে কাজ করেছেন। চীনের চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (সিএএস) সঙ্গে বুয়েটের একটি যৌথ গবেষণা প্রকল্পে সমন্বয়কের দায়িত্বও পালন করেন তিনি। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের হয়ে দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান বিআইএফএফএলএর পরিবেশগত ও সামাজিক মনিটরিং ফ্রেমওয়ার্ক (ইএসএমএফ) হালনাগাদের কাজ করেছেন এই অধ্যাপক। দেশি-বিদেশি সাময়িকী ও কনফারেন্স প্রসিডিংসে তার ৩০টির বেশি প্রকাশনা রয়েছে।
