নতুন চুক্তি নিয়ে কোনো সমঝোতায় না পৌঁছালে ভিনিসিয়ুস জুনিয়রকে ক্লাব ছাড়ার অনুমতি দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য তাদের দেয়া শেষ নবায়ন প্রস্তাবে আর কোনো আর্থিক বা অন্যান্য পরিবর্তন আনা হবে না।
বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে আগামী সোমবার ভালদেবেবাসে প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে ২৬ বছর ভিনির। তবে বর্তমান চুক্তির মেয়াদ মাত্র এক বছর বাকি থাকায় তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখন আকাশছোঁয়া। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, রিয়াল মাদ্রিদের নির্বাহী কর্মকর্তা এবং ভিনির প্রতিনিধিদের মধ্যে এখনো কোনো বৈঠকের দিন নির্ধারিত হয়নি। ক্লাব মনে করছে, এখন নতুন চুক্তি সই করা না কি অন্য ক্লাবে চলে যাওয়া- পুরো বিষয়টি নির্ভর করছে খেলোয়াড়ের নিজের সিদ্ধান্তের ওপর।
এদিক সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনির পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে প্রিমিয়ার লীগের শিরোপাধারী আর্সেনাল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দলবদলের সিদ্ধান্ত নিলে তারা সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করছে গানাররা। তবে ভিনির ঘনিষ্ট সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ইংলিশ ক্লাবটির সঙ্গে এখনো কোনো যোগাযোগ হয়নি।
গত মৌসুমে সাবেক কোচ জাবি আলোনসোর অধীনে বার্নাব্যুতে এল ক্লাসিকোর ম্যাচে বদলি হওয়ার সময় ক্ষোভ প্রকাশ করেন ভিনি। এছাড়া গত দুই মৌসুমে কোনো বড় শিরোপা জিততে পারেনি অল হোয়াইটরা। এর মধ্যেই গ্রীষ্মকালীন দলবদলে কার্লোস এস্পি এবং ডেনজেল ডামফ্রিসকে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোসরা। ২০১৮ সালে টিনএজার হিসেবে রিয়ালে যোগ দেয়া ভিনি দুটি চ্যাম্পিয়নস লীগ ফাইনালে গোল করেছেন এবং ২০২৪ সালের ব্যালন ডি’অরে রানার্সআপ হয়েছেন। ক্লাব এবং খেলোয়াড়ের দীর্ঘদিনের এই টানাপড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তা দেখতে মুখিয়ে রয়েছে রিয়াল ভক্তরা।
