আক্ষেপ নিয়ে দেশে ফিরলো ভলিবল দল

ফন্ট সাইজ:

পাকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল এসোসিয়েশন (কাভা) মেনস চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়ে গতকাল ভোরে দেশে ফিরেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানার্সআপ ট্রফি নিয়ে পৌঁছানোর পর ভলিবল ফেডারেশনের পক্ষ থেকে ফুল দিয়ে দলের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। কাভা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একবার শিরোপা জিতেছে। ২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত ফাইনালে কিরগিজস্তানকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে লাল-সবুজ প্রতিনিধিরা।

এবার রানার্সআপ নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। ইসলামাবাদের লিয়াকত জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে সরাসরি তিন সেটে হারে বাংলাদেশ। ব্যবধান ছিল ২৫-২০, ২৫-১৬ ও ২৫-২০। এই জয়ে তৃতীয়বারের মতো কাভা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় পাকিস্তান। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান ৩৯ নম্বরে, সেখানে বাংলাদেশ রয়েছে ৭৫ নম্বরে। র‌্যাঙ্কিংয়ের এই বড় ব্যবধান সত্ত্বেও প্রথম ও তৃতীয় সেটে সমানে সমানে লড়াই করে হরষিত বিশ্বাসের দল। তবে দ্বিতীয় সেটে পিছিয়ে পড়ে তারা। শিরোপা হাতছাড়া হলেও পুরো প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছে বাংলাদেশ। লীগ পর্বে পাঁচ ম্যাচের চারটিতেই জয় পায় লাল-সবুজ প্রতিনিধিরা। হার শুধু স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।

এই পর্বে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মতো প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে নিজেদের শক্তিমত্তা দেখায় হরষিত-সিফাতরা। সেমিফাইনালে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

কিন্তু শেষ ধাপে আটকে যায় সেই পাকিস্তানের কাছেই। প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে শ্রীলঙ্কা। দলগত সাফল্যের পাশাপাশি টুর্নামেন্টে ব্যক্তিগত কৃতিত্বও অর্জন করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। সেরা ‘সেটার’ নির্বাচিত হন মোহাম্মদ আল আমিন, সেরা ‘মিডল ব্লকার ২’ হন মোহাম্মদ নাইম হোসেন এবং সেরা ‘লিবেরো’ পুরস্কার জেতেন মোহাম্মদ শাওন আলী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন