জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, জাতীয় নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। এই রায় অস্বীকার করে ক্ষমতাসীন দল এখন দ্বিচারিতা করছে। গণভোটের গণরায় না মানলে সরকারও টিকে থাকতে পারবে না। সংবিধান সংস্কার কমিশন গঠন করে গণরায় মেনে নিয়ে জুলাই সনদ পুর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এটা বাস্তবায়ন হলে সকল দলের জন্য কল্যাণকর হবে, কোনো একক দলের প্রাধান্য থাকবে না। কর্তৃত্ববাদী ও নতুন ফ্যাসিস্ট তৈরি হবে না। আশা করি, এ ব্যাপারে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। শুক্রবার জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে স্থানীয় একটি মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামী নবী-রাসুলগণের প্রথম ও প্রধান কাজ ‘দাওয়াত’ জনগণের দ্বারে দ্বারে পৌঁছানোর কাজ করে থাকে। সমাজে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য। পুরো সমাজব্যবস্থায় জাতি গঠনে ইসলামের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার। কোরআন-সুন্নাহর বিধান সমাজে প্রতিষ্ঠা করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই আমাদের ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়ে জনগণকে সংগঠিত করে ইসলামের আলোকে নিজেদের জীবন পরিচালনার জন্য দ্বীনি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের জনশক্তির কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে, অর্থ বুঝতে হবে এবং সেই আলোকে নিজেদের জীবন গড়তে হবে। সকল প্রকার ঘৃণিত কাজ, অশ্লীলতা এবং সীমালঙ্ঘনমূলক কাজ পরিহার করে চলতে হবে। সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় নৈতিকতা ও তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন করে শ্রেষ্ঠ চরিত্রের নমুনা প্রদর্শন করতে হবে।
তিনি বলেন, সরকারের দুটি চাকা-একটি সরকারি দল, আরেকটি বিরোধী দল। জামায়াত অতীতের মতো বিরোধী দল হবে না। সরকারের গঠনমূলক কাজে ও জনস্বার্থে সহযোগিতা এবং দেশ ও জনস্বার্থ পরিপন্থি কাজ প্রতীয়মান হলে জামায়াত সংসদে সমালোচনা এবং রাজনৈতিক মাঠে প্রতিবাদ করে জনগণের আস্থা অর্জনে ভূমিকা পালন করবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন। দিনব্যাপী আয়োজিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মমতাজউদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল-আমীন হাসান, দিনাজপুর জেলা সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ এবং রংপুর মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।
