২৪ ঘণ্টায় সেউতায় ৪৯ হাজার অভিবাসী, নেপথ্যে কী?

২৪ ঘণ্টায় সেউতায় ৪৯ হাজার অভিবাসী, নেপথ্যে কী?

ফন্ট সাইজ:

মরক্কো থেকে স্থল ও সমুদ্রপথে গত ২৪ ঘণ্টায় স্পেনের নিয়ন্ত্রণাধীন সেউতায় অন্তত ৪৯ হাজার অভিবাসী প্রবেশ করেছেন। এমনটিই ধারণা করছেন স্প্যানিশ কর্মকর্তারা। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার হাজার হাজার মানুষকে সাঁতরে সেউতায় প্রবেশ করতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাতভরও সীমান্ত অতিক্রমের চেষ্টা অব্যাহত ছিল।

স্পেনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে সেউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক সময়ে অভিবাসীদের সীমান্ত অতিক্রমের চেষ্টার সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন মাদ্রিদের কাছে অতিরিক্ত সহায়তা চেয়েছিল। তবে বৃহস্পতিবার সীমান্ত নিয়ন্ত্রণ কার্যত ভেঙে পড়ায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিবিসি বলছে, সেউতায় এমন পরিস্থিতির পেছনে রয়েছে স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়। চলতি মাসে দেশটির আদালত রায় দেয়, সেউতা বা অপর স্প্যানিশ নিয়ন্ত্রাধীন অঞ্চল মেলিয়ার উদ্দেশে সমুদ্রপথে আসা অভিবাসীদের আটক করার পর তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না।

পরিস্থিতি সামাল দিতে পরে স্পেন সরকার সেউতা ও মেলিয়ায় নিরাপত্তা জোরদারে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে। তবে এরপরেও একই রাতে মেলিয়াতেও আরও ৩০০ থেকে ৪০০ জন অভিবাসী সীমান্ত অতিক্রম করেছেন।

স্প্যানিশ কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেউতায় প্রবেশকারীর সংখ্যা শহরটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী, সেউতায় জনসংখ্যা প্রায় ৮৩ হাজার ৬০০। এছাড়া অবৈধভাবে প্রবেশকারীদের মধ্যে অন্তত ৭ হাজার শিশু ও কিশোর রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্স জানিয়েছে, সেউতার আঞ্চলিক সরকারের প্রধান জুয়ান জেসুস ভিভাস স্পেন সরকারকে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা অবৈধভাবে সেউতায় প্রবেশ করেছেন, তাদের যত দ্রুত সম্ভব মরক্কোতে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে সরকার।

স্প্যানিশ কর্মকর্তাদের এই হিসাব সঠিক হলে, ২০২১ সালের মে মাসের পর এটিই হবে সেউতায় সবচেয়ে বড় অভিবাসী প্রবেশের ঘটনা। সে সময় একদিনে ১০ হাজারের বেশি মানুষ সেউতায় প্রবেশ করেছিলেন।

এদিকে পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার সেউতায় সফরে যাওয়ার কথা রয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন