সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮৩৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও ১ হাজার ৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৩৯ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৫ হাজার ৮৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১০ হাজার ১৮২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৬ হাজার ৫৩ শিশু ছাড়পত্র পেয়েছে।
