গণভোটের গণরায় বাংলার জমিনে বাস্তবায়ন হবে

গণভোটের গণরায় বাংলার জমিনে বাস্তবায়ন হবে

ফন্ট সাইজ:

গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বলেন, আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনাদেরকেও (শহীদ ও আহত পরিবার) দেখানো হচ্ছে। আল্লাহ্র কসম, আল্লাহ্ ছাড়া কাউকে ভয় করি না। কেন ভয় করবো? আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা মনে করি, প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি। গতকাল দুপুরে আইডিবি’র কাউন্সিল হলে জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীর বলেন, দেশের মানুষ চেয়েছিল একটি আমূল পরিবর্তন আসুক। কিন্তু এখন আবার দেশকে সেই পুরনো অন্ধকারের দিকে ঠেলে দেয়া হচ্ছে। সেই সরকারের আমলে শিক্ষাঙ্গনগুলো ছিল সবচেয়ে খারাপ। গেস্টরুম, গণরুম করে সেখানে টর্চার সেল গঠন করা হয়েছিল। সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদের নাজাত দিলেন। এখন মনে হচ্ছে আবার আমরা সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কী করবে? জামায়াতে ইসলামী কি সেই অন্ধকার গলিপথে হাঁটবে? ইনশাআল্লাহ, না। আপনাদেরকে কথা দিচ্ছি, এই জুলাই বিপ্লব হওয়ার পর থেকে যতগুলো কথা বলেছি, আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখলে তার সবটুকু আমরা পালন করবো। আমাদের হাতে সবকিছু নেই। আমরা সরকারে যাইনি, কোনো আফসোস নেই। কিন্তু আমরা সংসদে তো আছি। সংসদে দেশবাসীর হয়ে, শহীদদের কণ্ঠ হয়ে আমরা চিৎকার করতে থাকবো ইনশাআল্লাহ।
জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, আমাদের আপসের অনেক প্রস্তাব দেয়া হয়েছে। অনেক লোভ-টোপ বিভিন্নভাবে দেয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলো ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি, গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম। এখন আপনারা মানেন না। কিন্তু আমরা আমাদের জায়গায় আছি। আমরা এখান থেকে সরতে পারবো না। জনগণের সঙ্গে আমরা বেইমানি করতে পারবো না, করবোও না। আপনারা দোয়া করবেন, আমাদের ওয়াদার ওপর আমরা যেন টিকে থাকতে পারি।

তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা আশাবাদী, গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে।
বিচারের প্রসঙ্গ টেনে জামায়াত আমীর বলেন, আমরা প্রতিশোধ চাই না। কিন্তু বিচারটা কি পাবো না? শুধু কারও বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ যারা শহীদ হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। কোনো কোনো বিচার এই দেশে ৫০ বছর পরে হয়েছে, কোনটা ২১ বছর পরে হয়েছে। আমরা কথা দিচ্ছি, এই বিচারও ইনশাআল্লাহ হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় দেয়া হবে না। সংসদে এর সমাধান না হলে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের দিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, গণভোটকে ধারণ করুন। তাহলে বিএনপি দেশের রাজনীতিতে একটি স্থায়ী অবস্থান করে নেবে। জাতীয় ঐক্যের প্রথম ধাপ হবে গণভোটের রায় বাস্তবায়ন।
সাবেক কূটনীতিক সাকিব আলী বলেন, ২০২৪ সালের জুলাই হলো জাতির জন্য শ্রেষ্ঠতম সময়। কারণ, ওই সময় কেউ পালিয়ে যুদ্ধ করেনি, বুক চিতিয়ে যুদ্ধ করেছিল। একাত্তর সালে বুক চিতিয়ে যুদ্ধ করতে দেখিনি, যেটা ২০২৪ সালে দেখেছি।

সংরক্ষিত নারী আসনের এমপি ও জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম বলেন, ট্রাইব্যুনালের অভাবে জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত হচ্ছে না। ট্রাইব্যুনালে লোকবলেরও অভাব আছে। সে জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, যারা জুলাইকে মুছে দিতে চায়, তাদের ইতিহাস থেকে মুছে দিতে হবে। সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের পাশে দাঁড়াতে সরকারি দল ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন, সরকারকে বিগত দিনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। নইলে তাদেরও আগের মতো একই পরিণতি ভোগ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। সঞ্চালক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন ও ফখরুদ্দিন মানিক।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মেজর (অব.) আখতারুজ্জামান, সাবেক সচিব মাহবুবুল হক, আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির, জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন