প্রেমের টানে চীনা যুবক

প্রেমের টানে চীনা যুবক

ফন্ট সাইজ:

ফেসবুকে পরিচয়, সেখান থেকে প্রেম, আর সেই প্রেমের টানে দূরদেশ চীন থেকে নেত্রকোণার মোহনগঞ্জে ছুটে আসা, নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ। এমন নাটকীয় পটভূমিতে চীনা যুবক ওয়্যাং সুলিন ও মোহনগঞ্জের তরুণী নাজমিন আক্তার লিজার বিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আজ অনুষ্ঠিত হচ্ছে নবদম্পতির সংবর্ধনা অনুষ্ঠান।

মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকায় বিদেশি জামাইকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। কয়েকদিন ধরেই কনের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষজন। অনেকেই একনজর দেখতে, কেউবা ছবি তুলতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করতে সেখানে যাচ্ছেন। লিজার পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই মাস আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে লিজা ও ওয়্যাং সুলিনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। গত ১৮ই জুলাই ওয়্যাং সুলিন বাংলাদেশে আসেন। ২১শে জুলাই ইসলাম ধর্ম গ্রহণ করে মো. নুর উদ্দিন নাম ধারণ করেন। এরপর এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। আর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে চীনে ফিরে প্রয়োজনীয় ভিসা ও অন্যান্য কাগজপত্র সম্পন্ন করবেন। এরপর স্বামী ওয়্যাং সুলিন স্ত্রী লিজাকে চীনে নিয়ে যাবেন।

তবে ঘটনাটি শুরু থেকেই স্থানীয়ভাবে ব্যাপক কৌতূহলের জন্ম দেয়। সাম্প্রতিক সময়ে বিদেশি পাত্র-পাত্রীর মাধ্যমে প্রতারণার নানা ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় অনেকেই বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা দেখা যায়। এদিকে কনের বাবা মো. নাজিম উদ্দিন জানান, মেয়ের ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা কোনো ঝুঁকি নিতে চাননি। এজন্য চীনা যুবকের পারিবারিক পরিচয়, পেশা এবং অন্যান্য তথ্য যাচাই করা হয়েছে। চীনা দূতাবাসের মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। এ ছাড়া আত্মীয়স্বজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করেই বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজকের সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কনের বাড়িতে সাজসজ্জা ও আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে নবদম্পতিকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

উল্লেখ্য, চীনের লুবেই রাজ্যের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন পেশায় একজন রেস্তরাঁ ব্যবসায়ী। আর নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে লিজা মোহনগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নাজিম উদ্দিনের বাড়ি পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা ভাটগাঁও গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন